Home Lead শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে রায়ে বিভিন্ন দলের প্রতিক্রিয়া

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে রায়ে বিভিন্ন দলের প্রতিক্রিয়া

22


ঢাকা অফিস।।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত রায় মৃত্যুদণ্ডে সন্তুষ্টি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তার মনে করে, এই রায় দেশের জন্য মাইলফলক। তবে কিছু দল এও বলছে যে, একমাত্র রায় কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

সোমবার (১৭ নভেম্বর) রায়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ফেসবুক পোস্টে বলেন, আমরা বিশ্বাস করি, আজকের রায় কেবল শেখ হাসিনার অপরাধের রায় নয়, বরং এই দেশের মাটিতে সব ধরণের স্বৈরাচারের কবর রচনা হলো।

দলের আরেক নেতা স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধের বিবেচনায় সাজা যথেষ্ট না হলেও এ রায় মাইলফলক। ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধ বিবেচনায় এ সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পার তার জন্য উদাহরণ হবে এ রায়।

তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ফ্যাসিবাদ যতো শক্তিশালী হোক, যতো ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমরা মনে করি, এ বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারও নেই। কারণ বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে।

আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ের মধ্যদিয়ে জাতির আশা কিছুটা পূর্ণ হয়েছে মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘসময় ধরে বিচারকরা রায় পড়ার সময়ে ফুটে উঠেছে, অপরাধীরা কতটা নিষ্ঠুর, ঘৃণ্য ও প্রতিহিংসামূলক অপরাধ করেছেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আজ আমরা এতটুকু মন্তব্য করব, যাদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে—আয়নাঘরে খুনখারাবি করে, ক্রসফায়ারে, বিভিন্নভাবে শেষ করা হয়েছে, পিলখানা, শাপলা চত্বর—আরও বিচার প্রক্রিয়া তো সামনে আছে। এটা প্রথম রায় আমরা পেলাম। সেজন্য আমরা মনে করি, সবগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ বিচার হওয়া উচিত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আজকে একটা ঐতিহাসিক দিন। রায়কে আমরা এটিকে স্বাগত জানাই।

বাংলাদেশের বিচারিক ইতিহাসে এই রায় মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এতে পুরোপুরি সন্তুষ্ট নই। আমাদের জীবনদশায় যেদিন এই রায় কার্যকর হবে সেদিনই আমরা সন্তুষ্ট হবো।

তিনি বলেন, অবিলম্বে এই রায় কার্যকরের জন্যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। নিরাপত্তা উপদেষ্টা ভারতে আছেন, আমরা আশা করবো তিনি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে ফিরবেন। এই রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এ রায় কার্যকর করতে হবে। আমরা কামালের রায়ও কার্যকর চাই।

তিনি বলেন, এই বিচার প্রক্রিয়া অব্যাহত থাকতে হবে, নির্বাচন পরবর্তী সময়েও ট্রাইব্যুনালের কাজে কোনো রকম বাধা না আসে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

বিচারে দাবিতে এনসিপি এই লড়াই চলমান রাখবে জানিয়ে তিনি বলেন, এই রায় আসার পেছনে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের অবদান রয়েছে, তাদের ধন্যবাদ জানাই।

যারা জেলখানায় রয়েছে তাদেরও বিচারের ব্যবস্থার দাবি করে তিনি বলেন, আজকের রায় ব্যক্তি হিসেবে শেখ হাসিনার রায়। এ রায়ের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের হুকুমদাতা ছিলেন। আমরা চাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হোক।

রাজসাক্ষী সাবেক আইজিপির ব্যাপারে তিনি বলেন, পাঁচ বছরের সাজাতে আমরা সন্তুষ্ট নই। আমরা মনে করি তার আরও বেশি সাজা হওয়া উচিত ছিলো। এটা আপিল বিভাগে যাওয়া উচিত।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার। রায় কার্যকর করার মধ্য দিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। সরকারের প্রতি আহবান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই রায় সরকারকে কার্যকর করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা শুধু উসকানিমূলক বক্তব্যই দেননি, তার বিচারের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, তিনি মানুষকে গুলি করে হত্যা করেছেন। লিথ্যাল ওয়েপন ব্যবহার করেছেন, গোটা বাহিনীকে মানুষ হত্যা করতে ব্যবহার করেছেন। মানুষকে তিনি পুড়িয়ে হত্যা করেছেন। তিনি নৃশংস একজন খুনি। তার এত এত অপরাধের অল্প কিছু অভিযোগেই তার শাস্তি ঘোষণা হয়েছে। তার বাকি সব অপরাধেরও বিচার হবে। এই গণহত্যাকারীদের বিচার কার্যকরের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটা নজির সৃষ্টি হবে। যাতে করে আর কোনো শাসক ও গোষ্ঠী যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে। শুধু রায় ঘোষণা নয়, এই রায় কার্যকরের মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি তার দল স্বস্তি প্রকাশ করবে না।

সন্ধ্যায় রাজধানীর আলরাজী টাওয়ারে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,পতিত ফ্যাসিবাদসহ অন্য দোসরদের বিচার হওয়া দরকার।

একই সঙ্গে ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের কথা জানান তিনি।