Home খেলাধুলা নকআউট পর্ব থেকে বিদায় আর্জেন্টিনার

নকআউট পর্ব থেকে বিদায় আর্জেন্টিনার

22


স্পোর্টস ডেস্ক।।
ফুটবলে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা জাতীয় দল। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে ছন্দেই আছে লিওনেল স্কালোনির শিষ্যরা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করে দেশটির যুবারাও। তবে নকআউট পর্বে মেক্সিকোর কাছে টাইব্রেকারে ৪-২ গোলের হারে ছিটকে যায় তারা। শুক্রবার নির্ধারিত সময়ের খেলা ড্র হয় ২-২ গোলে। অন্য ম্যাচে ১০ জন নিয়ে প্যারগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর, টাইব্রেকারে ৫-৪ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল।

গ্রুপ পর্বে টানা তিন জয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ শুরু করে আলবিসেলেস্তে যুবারা। প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে তারা জয় তুলে নেয় ৩-২ গোলে। পরের ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের হাসি হাসে দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তো ফিজিকে ৭-০ গোলে উড়িয়েই দেয় আর্জেন্টাইনরা। ফলে নকআউট পর্বে পা রাখে তারা, আর সেখানেই হয় স্বপ্নভঙ্গ। ম্যাচের শুরুতে রামিরো তুলিয়ানের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ঘুরে দাঁড়ায় মেক্সিকো। লুইস গাম্বোয়ার জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। শেষদিকে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ফার্নান্দো ক্লোস্টার। নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শেষ হাসি হাসে মেক্সিকানরাই। শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের সঙ্গে খেলবে তারা।

একই রাতে নকআউট পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে নামে ব্রাজিল। ম্যাচের অষ্টম মিনিটেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিতর হুগো। পুরোটা সময় ১০ নিয়ে খেলেও প্যারাগুয়েকে আটকে রাখতে সফল হয় সেলেসাও যুবারা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিলিয়ানরা। কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে আগামী ১৮ই নভেম্বর ফ্রান্সের বিপক্ষে নামবে ফিলিপে লিলের শিষ্যরা।