Home আঞ্চলিক ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই: জহির উদ্দিন স্বপন

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই: জহির উদ্দিন স্বপন

22

স্টাফ রিপোর্টার।।


আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দীন স্বপন।


শনিবার (১৫ নভেম্বর) খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের সমর্থনে ফুলবাড়ী গেট চত্বরে শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ অবস্থান প্রমাণ করে দিয়েছে, আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বপন বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এই ঘোষণা জনগণকে অনিশ্চয়তা থেকে মুক্ত করেছে। এতে প্রমাণ হয়েছে, নির্বাচন আটকানোর সব ধরনের চক্রান্ত ব্যর্থ হবে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা শুধু গণতন্ত্র নয়, দেশেরও শত্রু।’

খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে একজন যোগ্য ও দক্ষ নেতা হিসেবে উল্লেখ করে স্বপন বলেন, ‘বকুল শুধু স্থানীয় প্রার্থী নন, তিনি দলের একজন নীতিনির্ধারক এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার সক্ষমতা রাখেন। তাকে সংসদে পাঠাতে পারলে স্থানীয় উন্নয়ন যেমন এগোবে, তেমনই জাতীয় পর্যায়েও এলাকার মর্যাদা বাড়বে।’

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের ফলাফলের ওপর উচ্চকক্ষের আসন বণ্টন নির্ভর করবে। তাই ধানের শীষকে কমপক্ষে ৬০ শতাংশ ভোট নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জহির উদ্দীন স্বপন বলেন, ‘গত ১৭ বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। জনগণের মালিকানা কুক্ষিগত হয়েছিল একটি পরিবারের হাতে। কিন্তু এই দেশের তরুণ ও ছাত্রসমাজ বিএনপির তৈরি করা রাজনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে সেই স্বৈরশাসনকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপিসহ সব গণতান্ত্রিক শক্তির নৈতিক সমর্থন এবং জনতার আত্মত্যাগের ফলস্বরূপ।’

সমাবেশে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও প্রার্থী রকিবুল ইসলাম বকুল। এছাড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মীর কায়ছেদ আলী, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সোহাগ হোসেনসহ শ্রমিক দলের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।