স্টাফ রিপোর্টার।।
অবশেষে মিলেছে অপেক্ষার অবসান। রূপসা নদীর ঢেউয়ে হারিয়ে যাওয়া সেই মানুষ-শেখ মহিদুল হক মিঠু আর ফিরবেন না। তিন দিন পর বুধবার (১২ নভেম্বর) দুপুরে রূপসা রেলব্রিজ সংলগ্ন পাওয়ার প্লান্ট (জাবুসা) এলাকার চর থেকে তার নিথর দেহ উদ্ধার করে নৌ পুলিশ।
রূপসা নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) জিন্নাত আলী জানিয়েছেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে।
গত ৯ নভেম্বর রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাট থেকে যাত্রীবাহী ট্রলারে বাড়ি ফিরছিলেন শেখ মহিদুল হক মিঠু (৪৫)। পেশাগত কাজ শেষে প্রতিদিনের মতোই তিনি ফিরছিলেন প্রিয় গ্রামের বাড়ি রূপসার তালিমপুরে। কিন্তু সেদিন ভাগ্য লিখে রেখেছিল এক অন্য পরিণতি। ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এরপর শুরু হয় পরিবারের আহাজারি আর মরিয়া অনুসন্ধান।
মিঠু খুলনা মহানগরীর ‘সন্ধানী ক্লিনিক’-এর অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মীরা জানিয়েছেন, তিনি ছিলেন হাস্যোজ্জ্বল, বিনয়ী এবং দায়িত্বশীল একজন মানুষ। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এক সহকর্মীর কণ্ঠে গভীর বেদনার সুর- “প্রতিদিনের মতো সেদিনও অফিস থেকে বের হয়েছিলেন। কে জানত সেটাই হবে তাঁর শেষ বিদায়…”
রূপসার বাতাসে এখন শুধু ভেসে বেড়াচ্ছে শোকের হাহাকার।
প্রাণপ্রিয় নদীই কেড়ে নিলো সেই মানুষটিকে, যিনি প্রতিদিন সেই নদীর ধারে জীবনকে ভালোবেসে ফিরতেন ঘরে।











































