Home Lead চুয়াডাঙ্গায় খেজুর রস সংগ্রহের প্রস্তুতি: ৭০ কোটি টাকার গুড় বিক্রির আশা

চুয়াডাঙ্গায় খেজুর রস সংগ্রহের প্রস্তুতি: ৭০ কোটি টাকার গুড় বিক্রির আশা

16

খুলনাঞ্চল রিপোর্ট।।
হালকা কুয়াশা, শিশিরভেজা ঘাস আর উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমন। প্রকৃতিতে হেমন্তের এই মাঝামাঝিতেই চুয়াডাঙ্গাজুড়ে শুরু হয়েছে খেজুরের রস ও গুড় সংগ্রহের প্রস্তুতি। এবারের মৌসুমে জেলায় প্রায় ৭০ কোটি টাকার খেজুর গুড় বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চুয়াডাঙ্গার প্রায় প্রতিটি গ্রামের ক্ষেতের আইল, রাস্তার ধার আর পুকুরপাড়ে অযত্নে বেড়ে ওঠা খেজুরগাছগুলোই স্থানীয় অর্থনীতির এক বড় অবলম্বন। শীত মৌসুমে রস ও গুড় উৎপাদন করে ৫ থেকে ৬ মাস জীবিকা নির্বাহ করে কয়েক হাজার পরিবার।

এখনই জেলার গ্রামাঞ্চলের গাছিদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক ব্যস্ততা। গাছের ডালপালা পরিষ্কার করে নলি লাগানোর কাজে দিনরাত ব্যস্ত তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় এখন ২ লাখ ৭১ হাজার ৯৬০টি খেজুরগাছ রয়েছে। প্রতিটি গাছ থেকে গড়ে ১০ থেকে ১২ কেজি গুড় উৎপাদন সম্ভব। চলতি মৌসুমে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫০০ টন, যার বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা।

স্থানীয় গাছিরা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে রসের মিষ্টি বাড়ে। নভেম্বরের শেষ থেকেই রস সংগ্রহ জোরেশোরে শুরু হবে।

খেজুরা গ্রামের গাছি খুরশিদ আলম বলেন, ১১৫টি গাছ প্রস্তুত করেছি। দুই সপ্তাহ পর নলি বসানোর কাজ শুরু হবে। একবার গাছ চাঁছলে তিন-চার দিন রস সংগ্রহ করা যায়, তারপর তিন দিন শুকাতে হয়। শীত যত বাড়বে, রস তত মিষ্টি হবে।

ঈশ্বরচন্দ্রপুরের গনি মিয়া জানান, তার ৮০টি গাছ প্রস্তুত। নভেম্বরের শেষ সপ্তাহে রস আহরণ শুরু হবে বলে আশা করছেন তিনি।

আকন্দবাড়িয়া গ্রামের গাছি সাজ্জাদ হোসেন বলেন, চুয়াডাঙ্গার নলেন গুড় ও পাটালির চাহিদা ব্যাপক। পাটালি পেতে দুদিন আগে সিরিয়াল দিতে হয়। ২০০ থেকে ২৫০ টাকা কেজ দরে বিক্রি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন।

সরোজগঞ্জের গাছি আসাদুল হোসেন জানান, তার ১৩০টি গাছ প্রস্তুত। অগ্রহায়ণের শুরুতেই রস আহরণ করব। শীত বেশি পড়লে গুড়ের মান আরও ভালো হয়।

দেশের সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারও নতুন মৌসুমের জন্য প্রস্তুত। গত বছর সেখানে গুড় বিক্রি হয়েছিল ২২০-২৮০ টাকা কেজি দরে, আর পাটালি ৩০০ টাকায়।

তবে সাম্প্রতিক সময়ে কিছু গাছি রস জ্বালানোর সময় চিনি মেশানোর কারণে খাঁটি খেজুর গুড়ের সুনাম নষ্ট হচ্ছে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, চিনি মিশিয়ে গুড়ের ঐতিহ্য নষ্ট করা উচিত নয়। প্রয়োজনে দাম সামান্য বাড়িয়ে দিন, কিন্তু ভেজাল করবেন না।

তিনি আরও বলেন, বেশি বেশি খেজুরগাছ লাগাতে হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং কৃষকরা কয়েক মাসের জীবন-জীবিকা নির্বাহ করতে পারবেন।