Home খেলাধুলা তামিমের সেঞ্চুরিতে সিরিজ বাচাল যুবারা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ বাচাল যুবারা

7


স্পোর্টস রিপোর্টার।।
বাঁচা মরার লড়াই। হারলেই খোয়াতে হবে সিরিজ। এমন ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন আজিজুল হাকিম তামিম। যুব টাইগার অধিনায়কের সেঞ্চুরিতে ভর করে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করেছে স্বাগতিকরা।
আফগানিস্তান যুব দলের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পরের দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় পড়ে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে হলে পঞ্চম ওয়ানডেতে যুব টাইগারদের জয় পেতেই হতো। সেই কাজটিই করে দেখিয়েছে তারা।
রাজশাহী শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাট করে সফরকারী আফগানিস্তান। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে জয়ের ভীত গড়ে দেন বোলাররা। সাদ ইসলাম, শাহরিয়া আল আমিন, সামিউন বাশির রাতুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান তুলে সফরকারীরা। জবাবে ২৫ বল হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। যদিও জয়ের পথটা সহজ ছিল না। স্বল্প লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুবারা। এতে হারের শঙ্কাও উকি দেয়। তবে একপ্রান্ত আগলে রেখে জয়ের নায়ক বনে যান অধিনায়ক তামিম। বাংলাদেশ জয় থেকে ২ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন এই ওপেনার। তার আগে ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় খেলেন ১০০ রানের ইনিংস। রিজান হোসেন ২৭ ও ফরিদ হোসেন করেন ২৩ রান। আফগানিস্তান হাররেও বল হাতে চমক দেখিয়েছেন ওয়াহিদুল্লাহ জাদরান। ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন। সালাম খান ও ওজাইরউল্লাহ নিয়াজাইয়ের শিকার দুটি করে উইকেট। এর আগে ব্যাট হাতে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন উসমান সাদাত। মাহবুব খান করেন ৪০ রান। নিয়াজাই ৩২ ও আজিজুল্লাহ মিয়াখিলের ব্যাট থেকে আসে ১৯ রান। বাংলাদেশের পক্ষে ৩৩ রান খরচায় দুই উইকেট নেন সামিউন।