স্টাফ রিপোর্টার
ডুমুরিয়া থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক আসামিকে ৩বছর সশ্রম কারাদন্ড, ৩হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো একমাস বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন কক্সবাজার জেলার উখিয়া থানার সোনারপাড়া গ্রামের মৃত. আব্দুল আজিজ চৌধুরীর ছেলে মো. ফজলুল হক চৌধুরী (৩৫)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এ মমামলার অপর দু’আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তারা হলেন বাগেরহাট জেলার রামপাল থানার মানিকনগর গ্রামের মৃত. ইউসুফ আলি শেখের ছেলে মো. দাউদ শেখ (৪০) ও সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের আকরাম মোড়লের ছেলে মো. মফিজ ওরফে মো. মজিদ মোড়ল (৩৮)।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াসিন আলি নথীর বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ৩০ জুলাই রাত ৯টার দিকে একটি মোটর সাইকেল যোগে দু’জন সাতক্ষীরা থেকে ডুমুরিয়া থানাধীন বেতাগ্রাম আঠারো মাইল বাসস্ট্যান্ড সাতক্ষীরা খুলনা মহাসড়কে পৌছালে মোটর সাইকেলের গতি রোধ করে পুলিশ। এরপর আসামি দাউদ শেখের রেইনকোর্টের ভিতরে বাধা অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল ও আসামি ফজলুল হকের কাছে থাকা বাজার করা ব্যাগের মধ্যে থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামি পুলিশের কাছে স্বীকার করে তারা আসামি মো. মফিজ এর সহায়তায় চোরাই পথে ভারত থেকে ফেন্সিডিলগুলো এনে সাতক্ষীরা দিয়ে রামপাল থানার ফয়লা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় মাগুঘোনা পুলিশ ফাঁড়ির এসআই রমজান আলি বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন যার নং-৩৭। ওই বছরের ১১ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রবিউল ইসলাম আদালতে ৩জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।











































