আবু হেনা মোস্তফা জামাল।।
মনোনয়ন পেয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনার সংসদীয় আসনে বিএনপি প্রার্থীরা। তবে ব্যতিক্রম সদর আসন খ্যাত খুলনা-২ আসন। দীর্ঘ চার বছর দলের নেতৃত্বের বাইরে থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক মহানগর সভাপতি নজরুল ইসলাম। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় মাঠে নামতে পারছেন না এই নেতা। শুধু তাই নয়, গেল তিন দিনেও মহানগর বিএনপির বর্তমান নেতৃত্বের সঙ্গে মান-অভিমানের সুরাহা হয়নি। এমন অবস্থায় দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন তৃণমূল নেতাকর্মীরা। অবশ্য বর্তমান নেতারা বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে তারা কাজ করবেন। এজন্য দলের নেতাকর্মীরা প্রস্তু রয়েছেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানাগেছে, খুলনা বিএনপির রাজনীতিতে সব সময়ে একই বলয়ে ছিলেন সাবেক নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তাঁরা যৌথভাবে বিভিন্ন সময়ে সাবেক স্পিকার প্রয়াত অ্যাডভোকেট রাজ্জাক আলী, সাবেক মেয়র প্রয়াত তৈয়েবুর রহমান, সাবেক হুইপ প্রয়াত আশরাফ হোসেন, সাবেক এমপি আলী আজগর লবির বিরুদ্ধে দলের অভ্যন্তরে লড়েছেন। এরমধ্যে নজরুল ইসলাম মঞ্জু নগর কমিটির সভাপতি ছাড়াও দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছিলেন সদর আসনের সংসদ সদস্যও। কিন্তু হঠাৎ করেই বাকবদল ঘটে ২০২১ সালে। ওই বছর ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির পর থেকে পাল্টাপাল্টি অবস্থান নেন মঞ্জু ও মনা। দুটি পক্ষের একটি পক্ষের নেতৃত্বে দিচ্ছেন শফিকুল আলম মনা ও বর্তমান নগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। অন্য পক্ষে রয়েছেন নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নগর ও থানা বিএনপির সাবেক নেতাকর্মীরা। এরপর থেকে দলীয় কার্যালয়ে আর ফেরেননি মঞ্জু অনুসারীরা। কিন্তু দলের কেন্দ্র ঘোষিত, জাতীয় ও দলীয় কর্মসূচি পৃথকভাবে পালন করেছে দুই পক্ষ। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী হওয়ার দৌঁড়েও ছিলেন সাবেক নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বর্তমান সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আর নির্বাচনে মাঠের জন্য দলের মূল্যায়ন পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। তাঁর হাতেই ধানের শীষ প্রতীক। এমন সিদ্ধান্তে মঞ্জু অনুসারীরা উচ্ছ্বাসে ভাসলেও হতাশ বর্তমান নেতাদের অনুসারীরা।
নাম প্রকাশ না করে উভয়পক্ষের অনুসারীরা বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ীরা তাদের দলের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করতে চান। তারা দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
খুলনা মহানগর বিএনপির বর্তমান সভাপতি শফিকুল আলম মনা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবো। শুনেছি নজরুল ইসলাম মঞ্জু চিকুনগুনিয়ায় আক্রান্ত। হয়তো তিনি সুস্থ হলে যোগাযোগ করবেন।
খুলনা মহানগর বিএনপির বর্তমান সভাপতি শফিকুল আলম তুহিন বলেন, আমরা প্রার্থীর কোন ফোন পাইনি। তবে মনোনয়ন নিয়ে দল যে সিদ্ধান্তে অনুগত। মহানগর বিএনপি সেভাবেই কাজ করবে।
খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি গণমাধ্যমে বলেন, রাজনীতিতে থেকে দীর্ঘ চার বছর দলের মুলস্রোতের বাইরে খুবই কষ্টের। কিন্তু আমরা কখনো দল থেকে সরে যায়নি। বিশ্বাস ছিল একদিন দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হবে। সেই বিশ্বাস সত্য হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন ধারার রাজনীতি সঠিক ধারায় এগিয়েছে। অসুস্থ থাকায় এখনও কাজ শুরু করতে পারিনি। খুব তাড়াতাড়ি আমরা ছয়টি আসনের প্রার্থীরা বসবো। আমি সিনিয়র হিসেবে দায়িত্ব নিয়েই সকলের সঙ্গে বসবো। ঘরের মানুষ ঘরে ফিরছে। কর্মীরা আপ্লুত। এখন শুধু অফিসিয়াল কার্যক্রমর শুরু করার অপেক্ষা।
অপরদিকে বিএনপি ঘোষিত খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল, খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল অসুস্থ থাকায় তাঁর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া খুলনা জেলা বিএনপি দলীয় কার্যালয়ে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে।











































