Home আঞ্চলিক কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবী ছাড়লেন কয়রা’র মাস্টার দম্পতি

কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবী ছাড়লেন কয়রা’র মাস্টার দম্পতি

20


কয়রা প্রতিনিধি
একসঙ্গে পথচলার প্রায় শতবর্ষের সমাপ্তি টানলেন খুলনার কয়রা উপজেলার শিমলারআইট গ্রামের এক আদর্শ দম্পতি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বার্ধক্যে আক্রান্ত স্বামী মাষ্টার মুহাম্মাদ আলী সানা (৯২) এবং তাঁর জীবনসঙ্গিনী সওদা বেগম (৮১) ইন্তেকাল করেছেন। এই বিরল ও হৃদয়বিদারক ঘটনা শুধু মহারাজপুর ইউনিয়ন নয়, গোটা কয়রা উপজেলাকে শোকস্তব্ধ করেছে। স্থানীয়দের ভাষ্য, দুজনের গভীর ভালোবাসার টানই বুঝি একজনকে ছাড়া অন্যজনের পথচলা অসম্ভব করে তুলেছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৫ই নভেম্বর) বিকাল আনুমানিক ৩টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে খুলনায় বড় ছেলের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব মাষ্টার মুহাম্মাদ আলী সানা। প্রবীণ এই শিক্ষককে গ্রামের বাড়ি শিমলারআইটে দাফনের জন্য যখন খুলনা থেকে কয়রার পথে নিয়ে আসা হচ্ছিল, ঠিক তখনই ঘটে আরেক হৃদয়বিদারক ঘটনা। স্বামীর মৃত্যুশোকে কাতর সওদা বেগম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাঁকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও রাত আনুমানিক ১২টার দিকে তিনিও ইহলোক ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্বামীর মৃত্যুর মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে স্ত্রীর এই মৃত্যু প্রমাণ করে, তাঁদের বন্ধন ছিল কতটা দৃঢ় ও আত্মিক। জীবনভর যেমন ছিলেন একে অপরের সঙ্গী, তেমনি শেষযাত্রাতেও তাঁরা যেন হাত ধরে একসাথে অনন্তকালের সফরে রওয়ানা হলেন।


জীবদ্দশায় স্বামী-স্ত্রী একসাথে পবিত্র হজ পালন করেছিলেন—যা তাঁদের গভীর মিল-মহব্বতেরই নিদর্শন। অবশেষে, বৃহস্পতিবার বাদ যোহর শিমলারআইট-অন্তাবুনিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে তাঁদের যৌথ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার ইমামতি করেন তাঁদের সেজো ছেলে হাফেজ দিদারুল ইসলাম। পরে শিমলারআইট জামে মসজিদের কবরস্থানে পাশাপাশি তাঁদের দাফন সম্পন্ন হয়। এই বিরল দৃশ্য দেখে এলাকার মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।”এটি একটি বিরল ঘটনা। আমরা স্বামী-স্ত্রীর এমন একসাথে মৃত্যু কখনো দেখিনি। একজনের প্রতি আরেকজনের এতটাই ভালোবাসা ছিল যে, একজনের চলে যাওয়া অন্যজন সইতে পারলেন না। একই দিনে, একই স্থানে তাঁদের দাফন হলো। তাঁদের প্রেম যেন অমর হয়ে রইল।” আলহাজ্ব মাষ্টার মুহাম্মাদ আলী সানা ও সওদা বেগম দম্পতি ছয় পুত্র ও চার কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষাবিদ ও ধার্মিক হিসেবে পরিচিত এই দম্পতির মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুম দম্পতির অনন্তকালের সফর সহজ ও শান্তিময় করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছেন।