স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউসেট স্কুলের সাবেক শিক্ষক এমদাদুল হক (৫৫) নামে একজন নিহত হয়েছে। এ সময় যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫) সহ আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত ইমদাদুল হক খানাবাড়ি এলাকার তানভীর হাসানের পুত্র। বুকের মাঝখানে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন। এছাড়া বেলাল হোসেন নামে একব্যক্তি বোমা হামলায় আহত হয়েছে। আহত মামুন ও বেলাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।











































