স্টাফ রিপোর্টার।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯২৮ জন ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৯৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪২ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৩৪ জন।
গত ১লা জানুয়ারি থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৬৯ হাজার ৩৫৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।











































