Home আঞ্চলিক সামাজিক বনায়নের গাছ উজাড়

সামাজিক বনায়নের গাছ উজাড়

60


কুষ্টিয়া প্রতিনিধি।।


কুষ্টিয়ার খোকসায় সামাজিক বনায়নের একটি প্রকল্প থেকে গত দুই বছরে সহস্রাধিক বড় গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে সখ্য থাকায় দুর্বৃত্ত চক্রটি রাতদিন নির্বিচারে গাছ কেটে উজাড় করছে সামাজিক বন। অভিযোগ উঠেছে, বন বিভাগের সহযোগিতার অভাবে বনায়নের গাছ রক্ষা করতে পারছেন না সমিতির সদস্যরা।

উপজেলার ওসমানপুর ইউনিয়নের কাজীর ব্রিজ থেকে রমানাথপুর গ্রাম পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার গ্রামীণ রাস্তা। ১৫ বছর আগে এ রাস্তার দুপাশে সামাজিক বনায়নের আওতায় সমিতির মাধ্যমে প্রায় ১০ হাজার কাঠজাত গাছের চারা রোপণ করা হয়। সমিতির সদস্যদের যত্নে ইতোমধ্যে অধিকাংশ গাছ বড় হয়ে উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ বছরে এসব গাছের ওপর নজর পড়ে দুর্বৃত্তদের। তারা রাতের আঁধারে চুরি করে গাছ কাটা শুরু করে।

সমিতির সদস্যদের ভাষ্য, গাছ কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় প্রায় ৬০০ আকাশমণি ও মেহগনির গাছ কেটে নিয়ে যায়। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আরও চার শতাধিক গাছ কেটেছে। চুরি যাওয়া এসব গাছের বাজারমূল্য ২০ লক্ষাধিক টাকা।

উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে সামাজিক বন বিভাগ সমিতির মাধ্যমে ওসমানপুর জিকে প্রধান খালের কাজীর ব্রিজ থেকে রমানাথপুর গ্রাম পর্যন্ত রাস্তা বনায়ন করে। রাস্তার দুই পাশে চার সারিতে প্রায় ১০ সিডলিং কিলোমিটার প্রায় ১০ হাজার কাঠজাত গাছের চারা রোপণ করা হয়। গত বছর থেকে কে বা কারা এই প্রকল্প থেকে বিপুল পরিমাণ বড় গাছ কেটে নিয়েছে। শুধু গত দুই মাসে ৩২টি বড় গাছ কেটে নিয়েছে একটি চক্র। এ ঘটনায় বন বিভাগ থানায় লিখিত জিডি করেছে। এ ছাড়া নিজ দপ্তরের বিধি অনুযায়ী মামলার প্রস্তুতি নিচ্ছে বন বিভাগ।

গত সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, ওসমানপুরে জিকে প্রধান খালের কাজীদের ব্রিজ পার হয়ে পশ্চিমে মহিষ গাড়ি বিল। এ বিলের ভেতর দিয়ে এঁকেবেঁকে রাস্তাটি রমানাথপুর গ্রামের ভেতর দিয়ে আবার জিকে খালে গিয়ে মিশেছে। রাস্তার দুই কিলোমিটার পিচ ঢালা পাকা। বাকি অংশ কাঁচা। রাস্তার দুই ধার দিয়ে সারি সারি কাঠজাতীয় বড় গাছ দাঁড়িয়ে আছে। পাশাপাশি কাটা গাছের অসংখ্য মোথাও (গোড়ার অংশ) চোখে পড়ে। রাস্তা থেকে বনায়ন প্রকল্পের গাছ কাটা নিয়ে স্থানীয়রা কথা বলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানান, এখন রাতের আঁধার নয়, দিনের বেলায় গাছ কাটার উৎসব চলছে।

আমজাদ আলী নামের এক চাষির অভিযোগ, দুর্বৃত্তরা গাছ কেটে তাঁর চাষের জমিতে ফেলে প্রায় পাঁচ কাঠা জমির ধান বিনষ্ট করেছে।
এই সামাজিক বনায়ন প্রকল্পের সদস্য বৃদ্ধ শামসুদ্দিন মোল্লা রাস্তায় গরু চরাচ্ছিলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ভেবেছিলাম বৃদ্ধ বয়সে গাছগুলো ব্যাটার মতো (ছেলের মতো) কাজ করবে। কিন্তু তা আর হলো না। স্থানীয় সন্ত্রাসীরা চোখের সামনে প্রকল্পের বড় বড় গাছ কেটে নিয়ে যাচ্ছে। আবার চাষিদের জমির ফসল নষ্ট করছে। কিন্তু সবার মুখে কুলুপ আঁটা। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।’

কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, সামাজিক বনায়নের কমিটিতে ওসমানপুর, রায়পুর ও রমানাথপুর গ্রামের ৩১ প্রবীণ ব্যক্তি রয়েছেন। প্রকল্পটি শেষ করতে পারলে গাছ বিক্রি করা টাকার একটি অংশ তাদের পাওয়ার কথা। সবকিছু পরিকল্পনামাফিক চলছিল। তবে গাছগুলো বড় হওয়ার পর একটি সন্ত্রাসী বাহিনীর ক্যাডারদের চোখ পড়ে। প্রথম দিকে রাত নামলেই তারা গাছ কাটতে শুরু করত। গত সরকার পরিবর্তন হলে সেই সন্ত্রাসীরা খোলস পাল্টে একটি দলের প্রভাবশালী নেতাদের আশ্রয়ে চলে গেছে। এখন তারা দিনের বেলায় গাছ কেটে নিয়ে যাচ্ছে। কথা বললেই আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে হামলা-মামলার ভয় দেখাচ্ছে। তিনি আরও বলেন, প্রকল্পের গাছ রক্ষায় কমপক্ষে পাঁচবার উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। তিনি গাছ কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় এখন প্রতিদিন গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। ইতোমধ্যে সহস্রাধিক গাছ কেটে নিয়েছে স্থানীয় একটি চক্র।

এ বিষয়ে ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম ডাবলুর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিবার কল করা হলেও সাড়া দেননি তিনি।
উপজেলা বন কর্মকর্তা কাজী গোলাম মওলা বলেন, ওসমানপুর ইউনিয়নের বনায়ন প্রকল্পের গাছগুলো কারা কাটছে– এ বিষয়ে স্থানীয় বনায়ন কমিটির নেতারা তাদের সহায়তা করছেন না। তিনি জানান, প্রকল্পের গাছ কাটা বন্ধের জন্য তিনি কয়েকবার থানায় গিয়েছেন। লিখিত অভিযোগও দিয়েছেন, কিন্তু কাজ হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, গত সোমবার বিকেল সাড়ে ৩টার পর উপজেলা বন কর্মকর্তা থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন। তদন্ত শুরু হয়েছে। মামলাও হবে।