Home খেলাধুলা ভারতের বিরুদ্ধে ব্রডের গুরুতর অভিযোগের সমর্থন জানালেন চ্যাপেল

ভারতের বিরুদ্ধে ব্রডের গুরুতর অভিযোগের সমর্থন জানালেন চ্যাপেল

8


স্পোর্টস ডেস্ক।।
ভারতের সাবেক হেড কোচ গ্রেগ চ্যাপেল বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) বিরুদ্ধে ক্রিস ব্রডের করা বিস্ফোরক অভিযোগের প্রতি সমর্থন জানিয়েছেন। আইসিসির সাবেক ম্যাচ রেফারি ব্রড সম্প্রতি দাবি করেছিলেন, তাকে তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ধীর ওভাররেট সংক্রান্ত শাস্তিতে ‘সহনশীল’ হতে চাপ দেওয়া হয়েছিল। চ্যাপেল জানিয়েছেন, তার কোচিং মেয়াদকালে তৎকালীন বিসিসিআই সভাপতি জাগমোহন ডালমিয়াও গাঙ্গুলির নিষেধাজ্ঞা কমানোর প্রস্তাব দিয়েছিলেন। যাতে তিনি শ্রীলংকা সফরে খেলতে পারেন। তবে সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন।

সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে চ্যাপেল বলেন, ‘আমার দায়িত্ব শুরুর সময় ডালমিয়া প্রস্তাব দিয়েছিলেন গাঙ্গুলির নিষেধাজ্ঞা কমিয়ে তাকে শ্রীলংকা সফরে পাঠানোর জন্য। আমি বলেছিলাম, ‘না, আমি নিয়মভঙ্গ করতে চাই না। তাকে তার সময়টা ভোগ করতেই হবে।’ ডালমিয়া এতে রাজি হয়েছিলেন, গাঙ্গুলির অনুপস্থিতিতেই দল খেলুক।’

২০০৫ সালের এপ্রিল মাসে পাকিস্তানের বিপক্ষে জমশেদপুরে তৃতীয় ওয়ানডের পর প্রথমবার ধীর ওভাররেটের কারণে সৌরভ গাঙ্গুলিকে জরিমানা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। একই সিরিজে আবারও একই অপরাধ করায় গাঙ্গুলি ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হন। পরে আপিলের পর সেই নিষেধাজ্ঞা চার ম্যাচে নামানো হয়। একই বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বার ধীর ওভাররেটের অভিযোগে ক্লাইভ লয়েড তার ওপর আরেকটি দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেন।

গ্রেগ চ্যাপেলের কোচিং সময়েই গাঙ্গুলির সঙ্গে তার সম্পর্ক তিক্ত আকার ধারণ করে, যা ভারতীয় ক্রিকেটে বড় বিতর্কের জন্ম দেয়।

এর আগে ক্রিস ব্রড দ্য টেলিগ্রাফ-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এক ম্যাচে ভারতের ধীর ওভাররেটের পর তাকে ফোন করে বলা হয়েছিল যেন ‘সহনশীল’ আচরণ করেন, কারণ প্রতিপক্ষ ছিল ভারত।

ব্রড বলেন, ‘ভারত এখন পুরো নিয়ন্ত্রণ করছে এবং অনেকটাই আইসিসি দখল করে ফেলেছে। আমি আসলে খুশি যে এখন আর সক্রিয় নেই, কারণ এই পদ এখন আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিক। এক ম্যাচে ভারত তিন-চার ওভার পিছিয়ে ছিল, তাই জরিমানা করার কথা ছিল। তখন ফোন এলো—‘সহনশীল হও, একটু সময় বের করে দাও, কারণ এটা ভারত।’ এরপর কিছু হিসাব-নিকাশ করে জরিমানার সীমা কমানো হলো।‘

‘পরের ম্যাচেই একই ঘটনা ঘটল। গাঙ্গুলি কোনো সতর্কতাকেই পাত্তা দিলেন না। তখন আমি ফোন করে জিজ্ঞেস করলাম, এবার কী করব? তখন বলা হলো, ‘যা করার করো।’ শুরু থেকেই এখানে রাজনীতি ছিল। এখনকার কর্মকর্তারা হয়তো রাজনৈতিকভাবে আরও সচেতন, নয়তো মাথা নিচু করে কাজ করছেন।’

চ্যাপেল ও ব্রডের এসব বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে-২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে বিসিসিআই কতটা প্রভাব বিস্তার করেছিল আন্তর্জাতিক ক্রিকেটের সিদ্ধান্তে।