সৈয়দ রানা কবীর
নগরীর কয়েকটি ব্যস্ততম সড়কের ইউটার্ন বন্ধ করে দেওয়ায় বিভিন্ন মোড়ে তীব্র যানজটে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে পাকিংবিহীন চারটি হাসপাতাল, একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় এ অবস্থা ভয়ানক রূপ নিয়েছে। সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের গলার কাটা হয়ে পড়েছে। সরকারি সংস্থা গুলোর সমন্বয়হীনতার কারণে খুলনা এখন হয়ে উঠেছে যানজট আর সীমাহীন দুর্ভোগের শহর। সিটি করপোরেশন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অপরিকল্পিত সিদ্ধান্তেও দুষছেন কেউ কেউ।
সরেজমিনে দেখা গেছে নগরীর ময়লাপোতা, ডাকবাংলা, ফেরিঘাট, পাওয়ার হাউজ মোড়, সোনাডাঙ্গা মজিদ সরণি রোড, সাতরাস্তা মোড়, গল্লামারী, শান্তিধাম মোড়, দৌলতপুর বাজার ও ট্রাফিক মোডে প্রতিদিনই তৈরি হচ্ছে তীব্র যানজট। পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তির মূল কারণ হিসেবে দেখা দিয়েছে ফুটপাত ও সড়কের বড় অংশজুড়ে হকারদের অবৈধ দখল। নগরীর চারটি বড় হাসপাতাল রয়েছে। যাদের ৮০ শতাংশ অ্যাম্বুলেন্স, ডাক্তারদের গাড়ি এবং মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের শতাধিক মোটরসাইকেল প্রতিটি হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাত জুড়ে অপরিকল্পিতভাবে রাখা হয়। এই চিত্র প্রতিদিনেরই। ইতিপূর্বে নাগরিক নেতা ও সাংবাদিকেরা বিষয়টি কেএমপি কমিশনারের নজরে আনলেও মাত্র কয়েকদিন শুধুমাত্র শান্তিধাম মোড়ে আলাদা ট্রাফিক সদস্য দেয়া হয় যানজট নিরসনের জন্য। কিন্তু পরে আর তা কার্যকরি করা হয়নি।
নগরীর ময়লাপোতার উভয় পাশে হাসপাতালের যানবাহন ও অসংখ্য অটোরিক্সা, ইজিবাইকের সড়কের উপর অপরিকল্পিতভাবে রাখার কারনে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ থাকলেও তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছে না। চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও জরুরি কাজে বের হওয়া সাংবাদিকসহ অন্য পেশার মানুষেরা। কোন কোন সময় এর প্রতিবাদ করা হলে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরা বলেন, ‘আমাদের কথা এরা কেউ শোনে না।’
নগরীরতে নতুন করে গড়ে উঠা পপুলার হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কের তিন ভাগের দুই ভাগ ও ফুটপাত তাদের দখলে রয়েছে। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে খুলনার সাধারণ মানুষকে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যসহ সরকারের কোন সংস্থা এর কোন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করছেন না বলে পথচারীদের অভিযোগ।
মজিদ স্মরণী থেকে সোনাডাঙ্গা মোড় পর্যন্ত, পাওয়ার হাউজ মোড়, ফেরিঘাট শান্তিধাম মোড়ে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানজটে পড়তে হচ্ছে সব শ্রেণির যানবাহন চালক ও সাধারণ মানুষদের। শান্তিধাম মোড়ের ইসলামী ব্যাংক হাসপাতালের কয়েকটি অ্যাম্বুলেন্স ও শতাধিক ওষুধ প্রতিনিধির মোটরসাইকেল প্রতিদিনই বিকাল থাকে গভীররাত অবধি সড়কজুড়ে ও ফুটপাত দখল করে রাখছেন। স্থানীয় ও সাধারণ মানুষ প্রতিবাদ করলেও এর কোন সুরাহা হয়নি।
অপরদিকে ট্রাফিক পুলিশের উপস্থিতিতেই নগরীর ডাকবাংলো মোড়ের রাস্তার মাঝখানে রাখা হচ্ছে ব্যাটারি চালিত ইজিবাইক। ময়লপোতা মোড়ের উত্তরপাশের সড়কে চলে যাত্রী উঠা-নামানোর কাজ। আর সড়কের ভ্রাম্যমান ব্যবসায়ীদের দাপটতো রয়েছেই।
সড়কে দাড়ানো বিক্রেতারা বলেন, আমরা হকার রাস্তায় গাড়ি ঠেলে ব্যবসা করি। এখন এখানে আছি; এখান থেকে সরিয়ে দিলে অন্য জায়গায় বসবো। আপনারা জানেন, আমিও জানি এইভাবে ব্যবসা করা অবৈধ। সেটা মেনে বসে থাকলে তো আমাদের চলবে না। লেখাপড়া যেটুকু জানি, তাতে বাইরে কাজ করতে গেলে যে প্রশ্নগুলো করে সেগুলোর উত্তর জানা নেই। আর রিকশাও চালাতে পারি না। পেটের দায়ে সংসার চালাতে গাড়ি নিয়ে মাল বিক্রি করি।
রিকশাচালক বলেন, ‘এই রাস্তায় সন্ধ্যার পর থেকে আর যাওয়া যায় না। রিকশা নিয়ে যেতে পারি না, মাঝে মধ্যে যাত্রীদের গায়েও ধাক্কা লাগে। পুলিশ একবার তাড়ায়, তারা একটু পরে আবার আসে। এভাবে চলতেই থাকে। আমরা চাই খুলনা শহর যানজটমুক্ত হোক। সবাই যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, খুলনায় আমরা ২৫/৩০ বছর ধরে এই সকল এলাকায় ব্যবসা করছি। অথচ আমাদের কথা ফুটপাতের দোকানীরা শোনে না। তারা উল্টো বলে, তাদের দোকানের সামনে এই সকল ফুটপাতে গাড়ি দিয়ে ব্যবসা করার মূল কারণ হলো যদি জায়গাটা খালি রাখা হয় তাহলে সেখানে মোটরসাইকেল রেখে দোকানে ঢোকার রাস্তা বন্ধ করে দেয় হয়। কিন্তু তাদের গাড়ি সরাতে বললে অযথা বাকবিতণ্ডায় জড়াতে হয় প্রতিষ্টিত ব্যবসায়ীদের। কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পরও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন।
খুলনা সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন বলেন, সড়ক ও ফুটপাত দখল করে থাকা দোকান উচ্ছেদ করার পর ফের তারা বসাচ্ছে। গেল কয়েকদিন খুলনা সিটি কর্পোরেশন ও পুলিশের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বেশ কিছু এলাকায় মানুষের চলাচলের পরিবেশ সৃষ্টি হয়েছে। নগরীর ৫ শতাংশ স্থানে এখনও অবৈধভাবে দখল করে আছে। কিন্তু সরেজমিনে দেখাগেছে খুলনা সিটি কর্পোরেশন ও পুলিশের দাবিগুলো সঠিক না।
নগরীর নগরীর ময়লাপোতা, ডাকবাংলা, ফেরিঘাট, প্রেসক্লাব রোড, ময়লাপোতা মোড়, দৌলতপুর, নতুন রাস্তা মোড়, ফুলবাড়িগেট, রেলিগেট, মজিদ স্মরণী রোড, নিউমার্কেটের সামনে, শিববাড়ি মোড়ের কিছু অংশ, পাওয়ার হাউজ মোড়, তেতুলতলা মোড়, খানজাহান আলী রোড, জাতিসংঘ পার্কের পেছনের অংশে সড়ক ও ফুটপাতে অবৈধ দখল করে ব্যবসা করছে।











































