Home Lead বাগেরহাটে গরু চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

বাগেরহাটে গরু চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

12

বাগেরহাট প্রতিনিধি।।


বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গরু চুরি করতে এসে গণপিটুনির শিকার হয়েছে চোরচক্র। এতে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত ভোরে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মতিয়ার রহমান (৪৫)। তিনি বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে। আহতরা হলেন:
মো. রমন হাওলাদার (৩৮), কচুয়া উপজেলার ভাগা বাজার এলাকার বাসিন্দা
মো. আসাদুল শেখ (৪০), ফকিরহাট উপজেলার চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে
মো. জনি (৩৮), ফকিরহাট উপজেলার আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে।

মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ জানান, ভোররাতে একটি মিনি ট্রাক নিয়ে চোরচক্রটি বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে গ্রামবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই মতিয়ার রহমান মারা যান। আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।’

মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ভবতোশ চন্দ্র বলেন, ‘গণপিটুনিতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’