Home বিনোদন ভৌতিক হাস্যরসের ‘থামা’, ভয়ংকর লড়াইয়ে রাশমিকা-আয়ুষ্মান

ভৌতিক হাস্যরসের ‘থামা’, ভয়ংকর লড়াইয়ে রাশমিকা-আয়ুষ্মান

7

বিনোদন ডেস্ক।।
বলিউডের হরর-কমেডির একচেটিয়া সাম্রাজ্য গড়ে তোলা ম্যাডক ফিল্মসের ‘স্ত্রী’, ‘ভেড়ীয়া’ কিংবা ‘মুঞ্জা’-র মতো ছবিগুলো দর্শকদের মনে একটি বিশ্বাস গড়ে দিয়েছিল। এই প্রযোজনা সংস্থা ভৌতিক আর হাস্যরসের মেলবন্ধনে নতুন গল্প তৈরি করতে পারে। তাই স্বাভাবিকভাবেই, নতুন হরর-কমেডি ‘থামা’ ঘোষণার পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। দুর্ভাগ্যবশত, সেই প্রত্যাশা পূরণ হয়নি। সিনেমার গল্পটি শুরু হয় আলোক গোয়েল (আয়ুষ্মান খুরানা)-এর মাধ্যমে, একজন ব্যর্থ ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, যে ভাইরাল হবার লোভে এক নির্জন জঙ্গলে প্রবেশ করে। সেখানে তাঁর দেখা হয় রহস্যময়ী তাদাকা (রাশমিকা মান্দানা)-এর সঙ্গে, যিনি মানুষ নন; বরং ‘বেতাল’ নামের এক প্রাচীন ও রহস্যময় জাতির সদস্য, যারা দুষ্ট মানুষের রক্ত পান করে বেঁচে থাকে।

এই বেতাল জাতির উৎপত্তি খুঁজতে গিয়ে সিনেমাটি আমাদের নিয়ে যায় ৩২৩ খ্রিষ্টপূর্বাব্দের এক ফ্ল্যাশব্যাকে, যেখানে আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বেতালদের এক জাতীয়তাবাদী নেতা যক্ষসন (নওয়াজউদ্দিন সিদ্দিকী)। প্রাচীন ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতা-উত্তর ভারতের নানা রক্তাক্ত অধ্যায়। সবকিছুতেই এই বেতালরা উপস্থিত থেকেছে মানুষের রক্ষক হিসেবে। এভাবেই ‘থামা’ মিথ, ইতিহাস ও রাজনীতির এক জটিল জাল বুনতে চায়, যেখানে বেতালরা রূপক হয়ে ওঠে বিভিন্ন যুগের সাম্প্রদায়িক ও রাজনৈতিক হিংসার।

এই রাজনৈতিক রূপক ও পৌরাণিক ক্যানভাসটি ছিল সিনেমাটির সবচেয়ে বড় শক্তি, যা একে একটি অসাধারণ বুদ্ধিদীপ্ত বিনোদনে পরিণত করতে পারত। কিন্তু আফসোস, পরিচালক অমর কৌশিক এই সমৃদ্ধ উপাদানটিকে গভীরভাবে খনন না করে, বারবারই হারিয়ে ফেলেছেন গল্পের মূল স্রোত। ছবির প্রথমার্ধে যে দারুণ গতিশীলতা ও কৌতূহল তৈরি হয়, দ্বিতীয়ার্ধে এসে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। নির্মাতা ঠিক কী বলতে চাইছেন– সেটাই দর্শকের কাছে অস্পষ্ট থেকে যায়।

সিনেমার গল্পে রয়েছে আলোক ও তাদাকার প্রেম। কিন্তু এই সম্পর্কটি এতটাই হঠাৎ ও অগভীরভাবে উপস্থাপিত হয়েছে যে, দর্শকের মনে কোনো আবেগ তৈরি হয় না। এক দৃশ্যে দেখা, পরের দৃশ্যে প্রেম। এই দ্রুতগতির রূপান্তর সম্পর্কটিকে করে তুলেছে সম্পূর্ণ অবিশ্বাস্য। মনে হয়, সামাজিক সীমা অতিক্রম করা প্রেম বা ‘ট্রান্সগ্রেসিভ লাভ’-এর একটি ফাঁপা রূপক হিসেবেই শুধু এটি ব্যবহার করা হয়েছে। আলোকের বাবার চরিত্রে পরেশ রাওয়ালের উপস্থিতি ও তাঁর বলা কিছু তীক্ষ্ণ সংলাপ কিছু সময়ের জন্য ভালো লাগলেও, তা একসময় একই বলে মনে হয়।

‘থামা’-এর সবচেয়ে বড় ব্যর্থতা হলো, এটি নিজের মধ্যেই অনেক জটিলতা নিয়ে চলে। বেতালরা কি মানুষের শত্রু, নাকি অশুভ শক্তির বিরুদ্ধে দেশের রক্ষক? এই প্রশ্নের উত্তর সিনেমায় পাওয়া যায় না। বেতালদের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা, রাজনৈতিক সুবিধা আর আধুনিক সমাজের নিষ্ঠুরতা নিয়ে যে ধরনের গল্প বলা যেত, তা সম্পূর্ণ উপেক্ষিত থেকে যায়; বরং এসব গভীর বিষয়কে পাশ কাটিয়ে সিনেমায় দেখানো হয়েছে তিনটি অপ্রয়োজনীয় আইটেম নম্বর ও গান, যা গল্পের গতিশীলতাকে একেবারেই কমিয়ে দেয়।

অভিনয় ক্ষেত্রেও ‘থামা’ বেশ হতাশাজনক। আয়ুষ্মান খুরানা তাঁর চরিত্রে প্রাণ দিতে চেষ্টা করেছেন বলে মনে হয়, কিন্তু তাঁর অভিনয়ে সেই বুদ্ধিদীপ্ত বিষয়টি এবার অনুপস্থিত। তিনি যেন নিজের আগের বেশ কয়েকটি চরিত্রেরই পুনরাবৃত্তি করছেন। রাশমিকা মান্দানা চমক দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাঁর চরিত্রটিকে এতটাই গ্ল্যামারাইজড ও অতিমানবী করে তোলা হয়েছে যে, কোনোভাবেই বিশ্বাস হয় না। নওয়াজউদ্দিন সিদ্দিকী তাঁর ভয়ঙ্কর অভিব্যক্তি ও দৈহিক ভঙ্গিমা দিয়ে পর্দায় উপস্থিত হলেও দুর্বল চরিত্রায়নের কারণে তাঁর যক্ষসন চরিত্রটি দর্শকের মনে গভীর ছাপ রাখতে ব্যর্থ হয়।

২০২৫ সালে ‘সিনার্স’, ‘সিস্টার মিডনাইট’, ‘ড্রাকুলা: আ লাভ টেল’ এবং ‘লোকা’-র মতো সিনেমাগুলো ভৌতিক ও অতিপ্রাকৃত গল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ‘থামা’ সেই ধারায় ভিড়তে গিয়ে নিজের পরিচয়ই হারিয়ে ফেলেছে। ‘থামা’ দেখতে দেখতে অনেকাংশেই হলিউডের ‘টোয়াইলাইট’ সিরিজেরই একটি নিম্ন বাজেটের ও দুর্বল ভারতীয় সংস্করণ মনে হয়েছে। উঁচু দালান থেকে লাফানো, চোখে অলৌকিক ঝিলিক আর অর্থহীন সংলাপে ভর্তি এক গল্প।

মোদ্দা কথা, ‘থামা’ হতে পারত এক অসাধারণ সিনেমা। যেখানে প্রেম, রাজনীতি, ইতিহাস ও লোককথা মিলে তৈরি হতো এক জাদুময় জগৎ। কিন্তু অতিরিক্ত আত্ম-রেফারেন্স, অগোছাল চিত্রনাট্য, দুর্বল আবেগী ভিত্তি এবং পরিচালনায় দিশেহারার কারণে ‘থামা’ হয়ে উঠেছে বলিউডের হরর-কমেডি ইউনিভার্সেরই একটি ভুলে যাওয়ার মতো অধ্যায়।