Home আঞ্চলিক ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত খোদ প্রধান শিক্ষক, রাস্তায় নেমেছে কোমলমতিরা

ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত খোদ প্রধান শিক্ষক, রাস্তায় নেমেছে কোমলমতিরা

10
ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলাম ( বামে) ও এর প্রতিবাদে রাস্তায় নামা শিক্ষার্থীরা

নড়াইল প্রতিনিধি।।


নড়াইল সদরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ খোদ বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার শিক্ষক মো. তরিকুল ইসলামকে একমাত্র অভিযুক্ত করে থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। বুধবার(২২ অক্টোবর) রাতে নড়াইল সদর থানা পুলিশের পক্ষ থেকে মামলার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করা হয়েছে।


অভিযুক্ত শিক্ষক মো. তরিকুল ইসলাম মাগুরা কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর যোগদান করেন ৷ আর চলতি বছরের আগস্ট মাস থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি নড়াইল সদরের বোড়ামারা গ্রামে।

মামলায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের দাবি, চলতি মাসের ১৫ তারিখ বিকেলে নড়াইল সদরের মাগুরা কালুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ছুটির পর একটি শ্রেণির ৪ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের একটি কক্ষে প্রাইভেট পড়াচ্ছিলেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম।

একজন ছাত্রী মায়ের ডাকে সাড়া দিয়ে বাহিরে গেলেন, আর শিক্ষক কৌশলে দুই ছাত্রকে পাঠালেন জাতীয় পতাকা খুলতে। এই ফাঁকে কোমলমতি ছাত্রীকে একা পেয়ে রুমের দরজা চাপিয়ে দিয়ে শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে খারাপ ভাবে স্পর্শ করে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীর চিৎকার ও কান্নার শব্দে তার অন্য সহপাঠীরা ছুটে এসে দরজা ধাক্কা দিয়ে খোলেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তড়িঘড়ি করে ওই ভুক্তভোগী শিক্ষার্থীকে ছেড়ে দিতে দেখেন তার সহপাঠীরা।

আরও জানা যায়, শিক্ষকের এমন কর্মকাণ্ড শিক্ষার্থীরা দেখে ফেলায় তাদেরকে আবেগাপ্লুত করে কাউকে না জানানোর অনুরোধ করেন অভিযুক্ত ওই শিক্ষক।

শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার মাকে জানালে, সামাজিক অবস্থান ও সম্মানহানির ভয়ে চুপ থাকেন সকলে। ঘটনার তিনদিন পর ওই শিক্ষার্থীর পরিবারের পুরুষ সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ বিষয়টিকে ধামাচাপা দিতে ও ভিন্নখাতে প্রবাহিত করতে অভিযুক্ত শিক্ষক স্থানীয় পর্যায়ে তদবির চালান। পরে ভুক্তভোগীর পরিবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অভিযুক্ত করে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে সদর থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

ভুক্তভোগীদের এলাকায় গিয়ে দেখা যায়, এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের নিরাপত্তা নিয়ে আছেন চরম শঙ্কায়। সময় সংবাদের ক্যামেরায় সেদিনের ঘটনার পুরো বর্ননা দেন ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী। এ ঘটনায় তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ওই বিদ্যালয়ের অভিভাবকরা সহ এলাকাবাসী।

তবে অভিযুক্ত শিক্ষক মো. তরিকুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে একটি মহল ষড়যন্ত্র করে আসছেন। সেটার ফল হিসাবে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা, বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে।’

শিশুদের ওপর নির্যাতনের প্রতিবাদে খোদ শিশুরাই নেমেছেন পথে। শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ ওই বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর সে কারনেই বই খাতা ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানান কোমলমতি শিশুরা। আর তাদের সাথে যোগ দেন অভিভাবকসহ বিদ্যালয়টির শিক্ষকরা।

জানা যায়, ঘটনার পরদিন অর্থাৎ ১৬ অক্টোবর থেকে অভিযুক্ত শিক্ষক ৭ দিনের ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করেন। তবে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার মামলা দায়ের করলে ওই শিক্ষক গা ঢাকা দিয়ে পালিয়ে যান। সদর থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায় নি।