স্পোর্টস ডেস্ক
এশিয়ান যুব গেমসে অবশেষে অধরা পদক জয়ের স্বাদ পেল বাংলাদেশ। কাবাডি ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শ্রীলংকাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল।
বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ৪৭-৪০ পয়েন্টে জয় পায় লাল-সবুজের মেয়েরা। এ জয় শুধু ব্রোঞ্জ পদকই নয়, গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক জয়ও এনে দিয়েছে।
প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই সমান ২২ পয়েন্ট করে অর্জন করলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে বাংলাদেশ।
তৃতীয় এশিয়ান যুব গেমসে মেয়েদের কাবাডিতে অংশ নিয়েছে পাঁচ দল—বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড। আগের দুই আসরে কোনো পদক না পেলেও এবারের আসরে বাংলাদেশি মেয়েদের এই সাফল্য নতুন ইতিহাস গড়েছে।









































