Home খেলাধুলা ৫০ ওভার স্পিন করিয়ে উইন্ডিজের বিশ্বরেকর্ড

৫০ ওভার স্পিন করিয়ে উইন্ডিজের বিশ্বরেকর্ড

14


স্পোর্টস ডেস্ক||
ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভার জুড়ে স্পিন বোলিং করিয়ে বিশ্বরেকর্ডের মালিক হলো ক্যারিবীয়রা। ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে এই প্রথম কোনো দল সম্পূর্ণ ইনিংসে কেবল স্পিনারদের দিয়ে বল করেছে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ধীর গতির উইকেটে প্রথম ওয়ানডেতে স্পিনের বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই অভিজ্ঞতা থেকেই দ্বিতীয় ম্যাচে নতুন কৌশল নেয় তারা। বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকে দ্রুত উড়িয়ে আনা হয়, আর ইনিংসের শুরু থেকেই দুই স্পিনারকে দিয়ে আক্রমণ শুরু করে সফরকারীরা—যা তাদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার ঘটল।

শেষ পর্যন্ত পাঁচ স্পিনারকে ব্যবহার করে পুরো ইনিংস সম্পন্ন করে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন করানোর রেকর্ড ছিল শ্রীলংকার দখলে, যা তারা তিনবার করেছে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ক্যারিবীয়রা।

ওই পাঁচ স্পিনারের মধ্যে চারজন ছিলেন নিয়মিত, আর পার্টটাইম স্পিনার আলিক আথানেজও করিয়েছেন পূর্ণ ১০ ওভার। আশ্চর্যের বিষয়, তার বিপক্ষেও আক্রমণাত্মক হতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ক্যারিয়ারে প্রথমবার ১০ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আথানেজ।

স্পিনের ঘূর্ণিতে বাংলাদেশকে বেঁধে রেখে ওয়েস্ট ইন্ডিজ লিখল ওয়ানডে ক্রিকেটের এক নতুন অধ্যায়। বাংলাদেশ শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২০১৩ রান করেছে।