স্পোর্টস ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন বাংলাদেশে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে অংশ নিচ্ছেন। সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানে হারের পর দল দ্বিতীয় ওয়ানডের প্রস্তুতি নিচ্ছে, আর আজ রাতেই ঢাকায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আকিলের।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া কর্মকর্তা জেরোম ফস্টার সোমবার ক্রিকবাজকে জানিয়েছেন, ‘আকিল আজ রাতেই ওয়ানডে দলে যোগ দিতে পৌঁছাবে।’
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলমান সিরিজের জন্য বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করেছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ধীর–গতি ও টার্নিং উইকেটে সিরিজের প্রথম ম্যাচে দুই দলের স্পিনাররাই আধিপত্য বিস্তার করেন। এই কারণেই নাসুমকে দলে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার খারি পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন, আর অফস্পিনার রস্টন চেজ শিকার করেন ২ উইকেট। তবে বাংলাদেশের জয় এনে দেন ঘূর্ণি-জুটি রিশাদ হোসেন ও তানভির ইসলাম, দুজন মিলে ৮ উইকেট ভাগাভাগি করেন।
এদিকে ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার রামন সিমন্স প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। তিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে দ্রুতগতি বোলার জেদাইয়া ব্লেডস ও শামার জোসেফ, যারা ওয়ানডে স্কোয়াডের অংশ ছিলেন, তারা দেশে ফিরে যাবেন।
জানা গেছে, জেসন হোল্ডার ২১ অক্টোবর ক্যারিবীয় দলে যোগ দেবেন এবং তিনি আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।











































