স্টাফ রিপোর্টার।।
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই তরুণ নেতা সাজ্জাদুল ইসলাম আজাদ (মূখ্য সংগঠক) ও জহুরুল তানভীর (সদস্য সচিব) সম্প্রতি এক পরিকল্পিত মিডিয়া ট্রায়াল ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত ৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও এবং কথিত অডিও ক্লিপ প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, আজাদ ও এক ব্যবসায়ী মন্টুর মধ্যে কথিত “চাঁদা দাবির” আলাপ হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে—প্রচারিত অডিওর সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। বরং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি ও প্রচার করা হয়েছে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য।
ব্যবসায়ী মন্টু বলেন,মেলা আয়োজনের সময় আজাদ ও তানভীর আমাদের সহযোগিতা করেছেন। তারা কখনো বাধা দেননি, চাঁদা দাবি বা টাকা লেনদেনের কোনো বিষয়ই ঘটেনি। যদি এমন কিছু হতো, আমি নিশ্চয়ই আইনের আশ্রয় নিতাম। সম্ভবত আমার ব্যবসায়িক প্রতিপক্ষ বা তাদের রাজনৈতিক শত্রু এই অপপ্রচারে জড়িত।
এ বিষয়ে আরও জানতে মেলা ব্যবসায়ী রাসেল, যিনি পরবর্তীতে মন্টুর কাছ থেকে মেলা ক্রয় করেন, জানান“আজাদ ও তানভীর সবসময় সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন। তারা কখনো কোনো দাবি করেননি বা সুবিধা নিতে চাননি। বরং আমাদের ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে আন্তরিকভাবে পাশে ছিলেন।
স্থানীয় সচেতন মহলের মতে, সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনায় সামাজিক ন্যায্যতা ও সমতার পক্ষে সোচ্চার হয়ে উঠেছে, যা কিছু প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত হানছে। ফলে তাদের নেতৃত্বকে বিতর্কিত করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।
একজন স্থানীয় বিশ্লেষক মন্তব্য করেন, যখন কোনো তরুণ সমাজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন মিথ্যা প্রচারণা দিয়ে তাদের দমন করার চেষ্টা নতুন কিছু নয়। তবে তথ্য ও সত্য একদিন স্পষ্ট হবে—কারা আন্দোলনের পক্ষে, আর কারা তার বিপক্ষে।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইতিমধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা বস্তুনিষ্ঠ অনুসন্ধানের মাধ্যমে প্রকাশ করার দাবি জানানো হয়েছে।
তাদের ভাষায়“আমাদের আন্দোলন বৈষম্য, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। ভয়ভীতি বা অপপ্রচারে আমরা থামব না। সত্য প্রকাশ পাবে, এবং মানুষই ঠিক করবে কারা ন্যায়পথে আছে।











































