Home খেলাধুলা সেই একই চিত্র গিবসন একাদশের ব্যাটিংয়ের

সেই একই চিত্র গিবসন একাদশের ব্যাটিংয়ের

7

ক্রীড়া প্রতিবেদক

ফিটনেস ট্রেনিং হয়েছে মোটামুটি লম্বা সময় ধরেই। তবে ব্যাট ও বলের অনুশীলন হয়েছে তুলনামূলক কম। সবচেয়ে বড় কথা, ম্যাচ প্র্যাকটিস নেই ছয় মাসেরও বেশি সময় ধরে। অনেক দিন খেলার বাইরে। তাই দীর্ঘ সময় উইকেটে থাকার ধৈর্য্য, টেম্পরামেন্ট সবই নতুন করে ঝালাই করতে হচ্ছে। তাই চরম মন্তব্য করার প্রশ্নই আসে না। তারপরও দুই দিনের প্রস্তুতি ম্যাচের স্কোরলাইন যেন সেই পুরনো বার্তাই দিচ্ছে।
গতকাল সোমবার শুরু হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের চালচিত্রও অনেকটাই তাই। দিন শেষে নাজমুল হোসেন শান্তর দলের সংগ্রহ ৮ উইকেটে ২৪৮। আগেই জানা, চা বিরতির আগে জোড়া ফিফটি উপহার দিয়েছিলেন ওপেনার ইমরুল কায়েস আর মাহমুদউল্লাহ রিয়াদ। সকালে তাসকিনের দ্রুত গতি আর সুইংয়ের মুখে ওপেনার সাইফ হাসান আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুব অল্প সময় ও সংগ্রহে ফিরে গেলেও ইমরুল কায়েস (৫৯) আর রিয়াদ ৫৬ (১১৬ বল, পাঁচটি চার) শুরুর ধাক্কা সামলে দিয়েছিলেন। তাদের দু’জনার জুটিতে ৮০ রান যোগ হবার পর মনে হচ্ছিল স্কোরলাইন লম্বা চওড়া হবে। সেই পথে হেঁটে লিটন (৪৪, ৬৬ বলে, ৩ বাউন্ডারি), সৌম্য (৫২ বলে ২৬) আর মোসাদ্দেকের সামনে ছিল অনেকটা পথ এগিয়ে যাওয়ার অবারিত সুযোগ; কিন্তু ওই যে পুরনো রোগ, সেট হয়ে উইকেট দিয়ে আসা, লিটন দাস আর সৌম্য দু’জনই সেই কাজটি করলে আবার রানের চাকা স্লথ হয়ে যায়।
এর মধ্যে বাঁ-হাতি সৌম্য সাইফউদ্দিনকে বোলার্স ব্যাকড্রাইভ খেলতে গিয়ে কট অ্যান্ড বোল্ড হয়েছেন। আর লিটন দাস ফিক করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছেন সাদমানের হাতে। প্রথম ম্যাচের মত নিচের দিকে আবার মড়ক; অফস্পিনার নাইম হাসান (৮) ও পেসার ইবাদত (০) অল্প সময়েই সাজঘরে। দিন শেষে মোসাদ্দেক সৈকত (৫৮ বলে ২৯) আর রুবেল হোসেন (০) নটআউট।

যুব হকি দলের প্রস্তুতি শুরু ১৫ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর ২১ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে ১৫। তার ৫ দিন আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে রিপোর্ট করবেন ডাক পাওয়া ৩৬ খেলোয়াড়। করোনা পরীক্ষা করে ১৫ অক্টোবর থেকে শুরু হবে পুরোদমে অনুশীলন। বাংলাদেশ বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে আবাসিক ক্যাম্প হবে অনূর্ধ্ব-২১ দলের। সেখান থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন করবেন আশরাফুলরা।
মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশসহ ১০ দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান, চাইনিজ তাইপের সঙ্গে ওমান ছিল। তবে মধ্যপ্রাচ্যের দলটি খেলবে না বলে জানিয়েছে। শেষ পর্যন্ত ওমান না খেললে তাদের পরিবর্তে কাজখস্তানকে অন্তর্ভূক্ত করা হতে পারে। এশিয়ান যুব টুর্নামেন্ট আগামী বছর অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপেরও বাছাই পর্ব। যারা সেমিফাইনালে উঠবে তারা পাবে যুব বিশ্বকাপে খেলার টিকিট।
যুব দলের প্রাথমিক তালিকা : বাংলাদেশ নৌবাহিনীর আশরাফুল ইসলাম, ফজলে রাব্বী, মাহাবুব হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর ইয়াসিন আরাফাত হিমেল, মেহেদী হাসান, বাংলাদেশ বিমানবাহিনীর রাজু আহমেদ তপু, নাজমুল হাসান মৃদুল, আশরাফুল আলম, বিপ্লব কুজুর, সোহানুর রহমান সবুজ, রাকিবুল হাসান রাকিব, আরশাদ হোসেন, বিকেএসপির নুরুজ্জামান নয়ন, মেহরাব হাসান সামিন, জাহিদ হোসেন, ওবায়দুল হক জয়, দেবাশীষ কুমার রায়, আল আমিন মিয়া, সাকিব মাহমুদ অভি, শোয়েব মল্লিক তনয়, মেহেদী হাসান লিমন, সাবাদুর রহমান মিঠু, রফিকুল হাসান রকি, আমিনুল ইসলাম। ঢাকা জেলার মেহেদী, প্রিন্স লাল, সফিউল আলম শিশির, নাঈম উদ্দিন, সিহাব হোসেন, মো. মহসিন, খালেদ মাহমুদ রাকিন, আবেদ উদ্দিন, কিশোরগঞ্জের আল নাহিয়ান শুভ, নওগাঁর সরোয়ার মোর্শেদ শাওন, চট্টগ্রামের রাজিব দাস ও নারায়নগঞ্জের খলিলুর রহমান হৃদয়।

সতীর্থদের ভালোবাসায় সিক্ত মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

সময়ের পরিক্রমায় মানুষকে নিজের অবস্থান ছেড়ে দিতে হয়। ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের পদ থেকে একদম সরে গেছেন মাশরাফি বিন মুর্তজা। তাও ছয় মাসের বেশি সময় হয়ে গেছে। তবে এখনো নেতা হয়েই সতীর্থদের হৃদয়ে বেঁচে আছেন বাংলাদেশের সবচেয়ে সফল এই ওয়ানডে অধিনায়ক।
১৯৮৩ সালে জন্ম নেওয়া বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ৩৭ বছরে পা দিয়েছেন। আর তার জন্মবার্ষিকী উপলক্ষে সতীর্থরা জানিয়েছেন শুভেচ্ছা। সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মাশরাফি। জন্মদিনে শুভেচ্ছে জানিয়ে মন্তব্য করেছেন মুশফিক, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, তামিম, ইমরুল কায়েস, তাসকিন ও মেহেদি মিরাজসহ অন্যান্যরা।

এইচপি দলের করোনা পরীক্ষা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দল, ‘এ’ দল ও হাইপারফরম্যান্স দল (এইচপি) নিয়ে একটি ওয়ানডে সিরিজের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তার আগে কাল মিরপুরে শুরু হতে যাচ্ছে হাইপারফরম্যান্স ইউনিটের ক্যাম্প। অবশ্য এক্ষেত্রে কড়া সতর্কতাই অবলম্বন করছে বিসিবি। করোনাকাল হওয়ায় এই ক্যাম্প শুরুর আগে এইচপির ক্রিকেটার ও কোচিং স্টাফসহ মোট ৪০ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে সোমবার।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘যেহেতু এইচপির ক্রিকেটারদের ম্যাচ আছে। তাদের করোনা পরীক্ষা জরুরি। আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে প্রায় ৪০ জনের করোনা পরীক্ষা করিয়েছি। যারা নেগেটিভ আসবে, তারাই শুধু আগামী সাত তারিখে ক্যাম্পে যোগ দিতে পারবে।’ আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে কয়েকদিন সময় পাবেন এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটাররা। তবে ক্যাম্পের শুরুতে এইচপির ক্রিকেটাররা নবনিযুক্ত ইংলিশ হেড কোচ টবি র্যাডফোর্ডকে পাচ্ছে না। তিনি ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহ থেকে শিষ্যদের সঙ্গে যুক্ত হবেন। তিন ম্যাচ সিরিজের পরও এইচপি দলের ক্যাম্প চলবে।

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে জোকোভিচ

ক্রীড়া প্রতিবেদক

প্যারিসে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরও এক ধাপ এগোলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান শীর্ষ বাছাই সোমবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।
কারেন খাচানোভের বিপক্ষে রোলাঁ গারোঁয় এই আসরে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন ২০১৬ সালের চ্যাম্পিয়ন জোকোভিচ। কিন্তু তারপরও সরাসরি সেটে জিতেছেন। ম্যাচ শেষে ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ বলেছেন, ‘এটা ছিল সমানে সমান লড়াই। ফল যা দেখাচ্ছে তার চেয়েও কঠিন ম্যাচ ছিল এটা।’ ১৫তম বাছাই ও রাশিয়ান প্রতিদ্বন্দ্বীকে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন জোকোভিচ। এতে প্যারিসে টানা ১১তম আসরে কোয়ার্টার ফাইনালে সার্ব তারকা।

ইংল্যান্ডের বর্ষসেরা নির্বাচিত হলেন ওকস

ক্রীড়া প্রতিবেদক

বছর জুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ক্রিস ওকস। ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার। এছাড়া টেস্টে দুর্দান্ত পারফর্ম করায় সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টুয়ার্ট ব্রড। ওয়ানডেতে এই পুরস্কার পেয়েছেন ডেভিড উইলি, টি-টুয়েন্টিতে ডেভিড মালান।
গত বছরটা দুর্দান্ত কেটেছে ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকসের। তারই স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। প্রতিবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে এই পুরস্কার দেওয়া হলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর ৫১তম ন্যাটওয়েস্ট পিসিএ পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আগের সেই জাঁকজমকতা ছিল না। অনেকটা নিরবেই এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
সেরা পুরুষ ক্রিকেটারদের সঙ্গে নারীদের পুরস্কারও ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ব্যাটসম্যান সারাহ গ্লেন। এছাড়া পিসিএ বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জ্যাক ক্রলি।

টি-টোয়েন্টি ব্লাস্টে চ্যাম্পিয়ন নটিংহ্যামশায়ার

ক্রীড়া প্রতিবেদক

সামনে থেকে নেতৃত্ব দিলেন ড্যান ক্রিস্টিয়ান। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও দলের জয়ে রাখলেন অবদান। তার অলরাউন্ড পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে সারেকে হারাল নটিংহ্যামশায়ার। ঘরে তুলল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় শিরোপা।
বৃষ্টি বাধায় ১৬ ওভারে নেমে আসা ফাইনালে রোববার ৬ উইকেটে জেতে নটিংহ্যামশায়ার। সারের ১২৭ রান ১৬ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তৃতীয়বার ফাইনাল খেলা দলটি। এজবাস্টনে এদিন ম্যাচ হয় তিনটি। আগে হয় দুটি সেমি-ফাইনাল; বৃষ্টির কারণে দুটি ম্যাচই ১১ ওভারে নেমে আসে। যেখানে গ্লস্টারশায়ারকে ৬ উইকেটে হারিয়ে সারে ও ল্যাঙ্কাশায়ারকে ৫ উইকেটে হারিয়ে নটিংহ্যামশায়ার ফাইনালে ওঠে। সেমি-ফাইনালেও দলের জয়ে বড় অবদান রাখেন ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ান। আর ফাইনালে তিন ওভারে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। পরে ১১ বলে তিন চারে ২১ রান করে ফিরেন দলকে জিতিয়ে।

চ্যাম্পিয়ন লিভারপুলের জালে অ্যাস্টন ভিলার গোলবন্যা

ক্রীড়া প্রতিবেদক

১৯৬৩ সালের পর এই প্রথম লিভারপুল কোন ম্যাচে ৭ গোল হজম করল। ডিফেন্সের ভুল। গোলকিপারের ভুল। স্ট্রাইকারদের ভুল। এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত জুড়ে এই ম্যাচে শুধু ভুল আর ভুলই করে গেল লিভারপুল।
বিরতির আগেই লিভারপুলের জালে ৪ গোল! ওলিও ওয়াটকিন্স হ্যাটট্রিক করে বসলেন প্রথমার্ধেই। ৪, ২২ ও ৩৯ মিনিটে গোল পান তিনি। ৩৩ মিনিটের সময় সালাহ একটি গোল শোধ করলেও অ্যাস্টন ভিলার গোল বন্যা থামাতে পারেনি লিভারপুল দ্বিতীয়ার্ধেও। শেষ অর্ধে আরো তিন গোল লিভারপুলের জালে। ৫৫ মিনিটের সময় বার্কেলোর গোলে ম্যাচের স্কোরলাইন ৫-১! মিনিট পাঁচ পরে মোহাম্মদ সালাহ ম্যাচে তার এবং লিভারপুলের দ্বিতীয় গোল করেন। কিন্তু ততক্ষণে যে অ্যাস্টন ভিলাকে গোলের নেশায় পেয়ে বসেছে। স্ট্রাইকার জ্যাক গ্রেলিস করেন শেষের দুই গোল। লিভারপুলের তিনটি গোলে সরাসরি সহায়তাও আছে তার। ৭-২ গোলের এমন জয় পেয়ে অ্যাস্টন ভিলাও নিজেদের গায়ে চিমটি দিচ্ছে- সত্যি তো এটা! দলের কোচ ডিন স্মিথ বলেন-‘এমন এবং এত বড় জয়ের স্বপ্নও দেখিনি আমরা। আমার পুরো দলের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স ছিল। আমরা গোলের সুযোগ তৈরি করেছি। গোল করেছি। সেই সঙ্গে ডিফেন্সও দক্ষতার সঙ্গে ঠিক রেখেছি।’

নতুন মৌসুমে বার্সেলোনার জালে প্রথম গোল

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠেই এবার মুদ্রার অন্য পিঠ দেখল বার্সেলোনা। নিজেদের মাঠেই কীনা হোঁচট খেলো বার্সেলোনা। ন্যু ক্যাম্পে রোববার রাতে বার্সেলোনাকে আটকে দিয়েছে সেভিয়া। স্প্যানিশ লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
লুক ডি ইয়ং সেভিয়াকে এগিয়ে দেন। এরপর সমতা ফেরান ফিলিপে কৌতিনিয়ো।ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয় সেভিয়া। এটিই নতুন মৌসুমে বার্সেলোনার জালে প্রথম গোল। তারপর অবশ্য লিওনেল মেসি ক্রসে বল পেয়ে কৌতিনহো সমতা ফেরান ম্যাচে। এবারের মৌসুমে এটিই তার প্রথম গোল। এরপর আর নিশানা খুঁজে নিতে পারেনি কোন দল। এ অবস্থায় লা লিগায় তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বার্সেলোনা। গোল পার্থক্যে পিছিয়ে এরপরই সেভিয়া। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

টটেনহ্যামে উড়ে গেল ম্যানইউ

ক্রীড়া প্রতিবেদক

শিরোনাম দেখে বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলতেই পারেন! সেটাই তো স্বাভাবিক। হারতেই পারে তাই বলে ১-৬ গোলে? হতাশ করা এক রাত কাটল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের! অথচ খেলা শুরুর ৩০ সেকেন্ডে পেনাল্টি পেয়ে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু এরপরের সময়টুকু শুরু হতাশায় কেটেছে রেড ডেভিলদের।
হোসে মরিনহোর টটেনহ্যাম ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার জিতেছে ৬-১ গোলে। ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেইন ও সন হিউং-মিন। একটি করে গোল করেন সের্জ অরিয়ের ও টানগাই এনদোমবেলে। ম্যানইউর হয়ে একমাত্র গোলদাতা ব্রুনো ফের্নান্দেস। শুরুর মিনিটে পিছিয়ে পড়লেও ফিরতে সময় নেয়নি টটেনহ্যাম। দুই মিনিট পরই এনদোমবেলের গোলে স্বস্তি। এরপর সপ্তম মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। এবার গোলদাতা হিউং-মিন। প্রথম ৭ মিনিটেই ৩ গোল। যা কীনা প্রিমিয়ার লিগে গত ১০ বছরে প্রথম দেখা গেল। ম্যাচের প্রায় পুরোটাতেই টটেনহ্যামের আক্রমণে দিশেহারা হয়ে যায় ম্যানইউ। এরমধ্যে ২৯তম মিনিটে এরিক লামেলার সঙ্গে ধাক্কাধাক্কিতে লাল কার্ড দেখেন মার্সিয়াল। তারপর ম্যাচ থেকেও ছিটকে যায় তারা। এবার নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয়বার ৬ গোল হজম করেছে ওল্ড ট্র্যাফোর্ডের কাবটি। সবশেষ ২০১১ সালে তাদের ৬-১ গোলে উড়িয়ে দেয় ম্যানচেস্টার সিটি।

ব্রাজিলকে দুঃসংবাদ শোনালেন আলিসন

ক্রীড়া প্রতিবেদক

১০ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। কিন্তু তার আগে দুঃসংবাদ শুনলো সেলেসাওরা। কাঁধের চোটে ছিটকে গেছেন লিভারপুলের ব্রাজিল গোলকিপার আলিসন বেকার।
ব্রাজিলের প্রথম পছন্দের এই গোলকিপার লিভারপুলের অনুশীলনে চোট পেয়েছেন। ফলে কয়েক সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন বলে জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন কপ। অ্যাস্টন লিভার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে তিনি বলেছেন, ‘অনুশীলনে দুর্ভাগ্যক্রমে একটি ঘটনা ঘটে গেছে। দুজন খেলোয়াড় অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি ধাক্কা খাওয়াতে চোটের ঘটনাটি ঘটেছে। একজন সেরে উঠলেও আলিসন পারেননি।’

বায়ার্নের রোমাঞ্চকর জয়

ক্রীড়া প্রতিবেদক

হ্যাটট্রিক তো বটে, পুরো ম্যাচে একাই ৪ গোল করলেন রবার্ট লেভানডভস্কি। শেষ মুহর্তে করা পোলিশ স্ট্রাইকারের নাটকীয় পেনাল্টি থেকে হার্থা বার্লিনের বিপক্ষে ৪-৩ ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় লেভার করা ৪০ ও ৫১তম মিনিটের গোলে লিড নেয় বাভারিয়ানরা। তবে ব্যবধানটা ধরে রাখতে পারেনি বায়ার্ন। ৫৯ ও ৭১ মিনিটে সমতায় ফেরে বার্লিন। ৮৫তম মিনিটে ফের হ্যাটট্রিক করে দলকে এগিয়ে দেন লেভা। এবারও বায়ার্ন সেই ব্যবধান ধরে রাখতে পারে মাত্র দুই মিনিট। ৮৮তম মিনিটে ব্যবধানটা ৩-৩ করে বার্লিন। তবে যোগ করা তৃতীয় মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে চতুর্থ গোল করে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন উয়েফা বর্ষসেরা লেভা।

জুভেন্টাসকে ৩ পয়েন্ট উপহার দিল নাপোলি

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে ম্যাচটা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পযর্ন্ত ভেস্তে গেলো সিরি’আ লিগের দুই জায়ান্ট জুভেন্টাস বনাম নাপোলির ম্যাচটি। যার ফলে ক্ষতিটা হয়েছে জেনারো গাত্তুসোর দলের। না খেলেই জুভদের তিন পয়েন্ট উপহার দিল তারা। সিরি’আর লিগের নিয়ম অনুযায়ী আন্দ্রে পিরলোর শিষ্যদের বিপক্ষে ৩-০ গোলের হার মেনে নিতে হচ্ছে নাপোলিকে।
গত চারদিন ধরে নাপোলির দু’জন খেলোয়াড় করোনা আক্রান্ত। কোভিড-১৯ নীতিমালা অনুসারে দলটিকে আইসোলেশনে পাঠায় স্থানীয় স্বাস্থ্য সংস্থা। সংকটপূর্ণ পরিস্থিতি বিবেচনা করে লিগ কর্তৃপক্ষকে ম্যাচটি স্থগিত রাখার আবেদনও জানায় নাপোলি। কিন্তু সেই সুবিধাটুকু পায়নি তারা। নিয়ম-কানুন দেখিয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে নড়েনি সিরি’আ কর্তৃপক্ষ। অন্যদিকে কোভিড-১৯ পজিটিভ আসে তুরিনের দুই কর্মকর্তারও। আইসোলেশনে ছিল জুভেন্টাসের পুরো দলও। তবে বাকিদের নেগেটিভ রিপোর্ট আসায় ম্যাচ খেলতে বাধা ছিল ছিল না তাদের। ঘরের মাঠের ম্যাচটির জন্য আগেরদিন দলও ঘোষণা করে জুভরা।

এভারটনের কিন পিএসজিতে

ক্রীড়া প্রতিবেদক

এভারটন থেকে স্ট্রাইকার মোয়েস কিনকে এক বছরের ধারে দলে ভিড়িয়েছে ফরাসী চ্যাম্পিয়ন পিএসজি। ইতালিয়ান জাতীয় দলের এই স্ট্রাইকার ২০১৯ সালে জুভেন্টাস থেকে ইংলিশ কাব এভারটনে যোগ দিয়েছিলেন।
সব ধরনের প্রতিযোগিতায় মার্সিসাইড দলটির হয়ে ৩৭ ম্যাচে করেছেন চার গোল। ২০ বছর বয়সী কিন ম্যানেজার কার্লো আনচেলত্তির অধীনে এভাটরনের মূল দলে নিয়মিত ছিলেন না। গত মৌসুমের শেষে দুই স্ট্রাইকার এডিনসন কাভানি ও এরিক ম্যাক্সিম চুপো-মোটিংয়ের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ায় পিএসজি এ্যাটাকিং পজিশনে নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও মাওরো ইকার্দির ব্যাক-আপ খুঁজছিল।

জুভেন্টাস থেকে বায়ার্নে কস্তা

ক্রীড়া প্রতিবেদক

চলতি মৌসুমের জন্য ধারে জুভেন্টাস থেকে বায়ার্ন মিউনিখে ফিরেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দগলাস কস্তা। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত জার্মানির সফলতম দলে ৭৭ ম্যাচে ১৪ গোল করেন কস্তা। এরপর সেরি আয় টানা তিন লিগ শিরোপা জিতে আবার বুন্ডেসলিগায় ফিরলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।
কস্তা ছাড়াও ইউরোপিয়ান দলবদলের শেষ দিনে পিএসজি থেকে ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিং ও এস্পানিওল থেকে ২৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার মার্ক রোকার দলে টানার বিষয়টি সোমবার ভিন্ন ভিন্ন বিবৃতিতে জানায় বায়ার্ন। তবে কারোরই ট্রান্সফার ফি সম্পর্কে বলা হয়নি। ৩১ বছর বয়সী ক্যামেরুনের স্ট্রাইকার চুপো-মোটিংয়ের সঙ্গে বায়ার্নের চুক্তি ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত।