স্টাফ রিপোর্টার।।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ই অক্টোবর প্রকাশ করা হবে। সকাল ১০টায় নিজ নিজ শিক্ষা বোর্ডে এ ফল দেখা যাবে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। ২ হাজার ৭৯৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভা কক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯শে আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১শে আগস্ট পর্যন্ত। ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফল স্ব-স্ব শিক্ষা বোর্ড থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ছাড়াওwww.educationboardresults.gov.bd এই ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। পরীক্ষার ফল প্রকাশের পর মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল দেখা যাবে। এ ক্ষেত্রে HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।











































