পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার সরকারের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রণোদনা সহায়তার ৫ লাখ টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব ভোগ করা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগকারী জানান, এসব অনিয়মের লিখিত প্রমাণপত্রসহ তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেয়নি। বরং নিয়মিত পাচ্ছেন জীবননাশের হুমকি।
অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর, ২০১৯ সালের ২৫ জুলাই, ২০২৩ সালের ১ অক্টোবর ও ২০২৪ সালের ২ জুন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে নিয়োগের আগে থেকেই প্রার্থীদের ঠিক করে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে স্থানীয় দৈনিক খুলনাঞ্চল ও আমার একুশ পত্রিকায় প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশ হয়।
তবে আদালতে মামলা হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি। বরং ২০২৪ সালের ৪ জুলাই প্রধান শিক্ষক নিজ ক্ষমতাবলে নিয়োগপত্র বিতরণ করেন। পরে ১২ জুলাই স্থানীয় সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে নিয়োগ পরীক্ষা আয়োজন করে প্রধান শিক্ষক। ফলাফলে তাঁর শালিকা, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির ভাই এবং অভিভাবক সদস্যের আত্মীয় চাকরির সুপারিশ পান। এ ঘটনায় এলাকাবাসী মানববন্ধন, সংবাদ সম্মেলন ও ঝাড়ু মিছিল করলেও কর্তৃপক্ষ নীরব থাকে।
অভিযোগকারী প্রকাশ চন্দ্র সরকার বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের সরকারি অর্থ আত্মসাৎসহ নিয়োগ বাণিজ্যে অন্তত ৩০ লাখ টাকা হাতিয়েছেন। এমপি ও আওয়ামী লীগ নেতাদের প্রভাব কাজে লাগিয়ে যা খুশি করে যাচ্ছেন।
তিনি আরও জানান, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে সব প্রমাণপত্র জমা দিলেও অভিযোগ থমকে আছে অজ্ঞাত কারণে।
পাইকগাছা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ জানান, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত রিপোর্ট এখনও লেখা হয়নি। তবে অভিযোগের কিছু অংশ প্রমাণিত হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়ায় এবং দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।











































