স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা। ডান হাতের কবজি ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। নেটে বোলিং করার সময় সতীর্থ মিচেল ওউনের স্ট্রেইট ড্রাইভে আঘাত পান তিনি।
ম্যাক্সওয়েলকে ইতিমধ্যে দেশে পাঠানো হয়েছে এবং শিগগিরই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। দ্রুত সেরে ওঠার আশা করা হলেও অক্টোবরের শেষ দিকে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তার খেলা অনিশ্চিত। তবে ডিসেম্বরের মাঝামাঝি বিগ ব্যাশে ফেরার সম্ভাবনা আছে।
তার জায়গায় দলে ডাক পেয়েছেন জশ ফিলিপে। উইকেটকিপার হিসেবে ব্যাকআপ রাখতেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ ইনজুরির কারণে জশ ইংলিস ছিটকে গেছেন এবং অ্যালেক্স কেয়ারি একমাত্র কিপার হিসেবে আছেন।
ম্যাক্সওয়েলের ইনজুরি অস্ট্রেলিয়ার প্রস্তুতিকে আরও জটিল করেছে। ইতিমধ্যে ইংলিস ও ম্যাক্সওয়েল দুজনই বাইরে, ক্যামেরন গ্রিন শেফিল্ড শিল্ড খেলতে দলে নেই, প্যাট কামিন্সও ইনজুরিতে বিশ্রামে।
অস্ট্রেলিয়া এখন ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস ও ট্রাভিস হেডকে আংশিক বোলিং দায়িত্বে ভাবছে। তবে অধিনায়ক মিচেল মার্শ আপাতত বোলিং করবেন না।
ফিলিপে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালে। যদিও তার সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স ভালো নয়, তবু অভিজ্ঞতার কারণে আবারও ডাক পেলেন জাতীয় দলে।










































