বিনোদন ডেস্ক।।
এই সময়ে বলিউডের আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের সঙ্গে ‘এনিম্যাল’ সিনেমার পর তিনি ভারতের জাতীয় স্তরের ক্রাশ হয়ে ওঠেন। সম্প্রতি বলিউডে নিজের যাত্রা ও লড়াইয়ের গল্প শেয়ার করলেন তৃপ্তি। জানালেন অভিনয় জীবনে তার চ্যালেঞ্জের কথা। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, শিল্পের বাইরের মানুষ হয়ে কাজ পেতে কতোটা কঠিন? উত্তরে তৃপ্তি বলেন, আসলে চ্যালেঞ্জ সবার জন্য একই রকম। শুরুতে দিনে তিন-চারটা করে অডিশন দিতাম প্রায় দেড় বছর ধরে। অডিশন আমাকে ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়েও বেশি নার্ভাস করে তোলে। কারণ সেখানে এক-দুই টেকেই চরিত্র ফুটিয়ে তুলতে হয়। এত মানুষের সামনে কম ব্রিফিং নিয়েই চরিত্রকে জীবন্ত করে তুলতে হয়। তিনি বলেন, এরপর কাজ মিললে আরেকটা নতুন দায়িত্ব আসে। সব সময় নতুনত্ব ধরে রাখতে হয়, যাতে দর্শকও বিরক্ত না হন। আমিও পারফর্ম করতে করতে ক্লান্ত হই না। এটাকেই আমি আশীর্বাদ মনে করি, কারণ অসংখ্য প্রতিভাবান মানুষ এখনো সুযোগ পাননি। প্রসঙ্গত, ২০১৭ সালে সানি ও ববি দেওল অভিনীত ও শ্রেয়াস তালপাড়ের পরিচালনায় ‘পোস্টার বয়েজ’ সিনেমাতে বলিউডে পা রাখেন তৃপ্তি। ‘এনিম্যাল’-এ সহ-অভিনেত্রী হিসেবে তৃপ্তির ঝলকই এনে দেয় ক্যারিয়ারের বড় ব্রেক।











































