Home আঞ্চলিক পাইকগাছায় আলোচিত মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা

পাইকগাছায় আলোচিত মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা

6

পাইকগাছা প্রতিনিধি।।


খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ সম্পৃক্ত হিসেবে পরিচিত থেকে এনসিপিতে যোগ দেয়া বহুল আলোচিত মো. মিনারুল ইসলাম সানা ওরফে টোল মিনারুলকে দল থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


সোমবার (২৯ সেপ্টেম্বর) এনসিপি পাইকগাছা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাফিজ বিন আমীন ও যুগ্ম সমন্বয়কারী জিএম মেসবাহ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সম্পৃক্ততা, সাংবাদিকদের ওপর হামলা এবং ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা নেতাদের সমন্বিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দলীয় আদর্শ ও নীতির পরিপন্থি হওয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। দলের ভাবমূর্তি নষ্ট করে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার কিংবা সাংবাদিকদের ওপর হামলার মতো কর্মকাণ্ড কোনোভাবেই এনসিপি বরদাস্ত করবে না। দলে শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এই সিদ্ধান্ত ছাড়া কোনো বিকল্প ছিল না।

এদিকে সোমবার সকালে মিনারুলের বেকারি সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক শাহাজামান বাদশাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

তবে খুলনা জেলা নাগরিক পার্টির নেতা সাজিদুল ইসলাম বাপী বলেন, আমরা বিষয়টি জেনেছি। কিন্তু এভাবে কাউকে সাংগঠনিকভাবে অবাঞ্ছিত করা যায় না। অভিযোগ থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া উচিত। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে।