ঢাকা অফিস
ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর রমনা কালি মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। জামায়াতে ইসলামী কোনও স্বাধীন রাজনৈতিক দল নয়। তারা অন্য কোনো দেশের দলের শাখা হিসেবে কাজ করে।
তিনি বলেন, বিএনপির তরফ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা। কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে, তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনও বিভাজন করে না। উৎসব মানুষে মানুষে সৌহার্দ্যের বার্তা দেয়। এসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই। তিনি বলেন, নানা ষড়যন্ত্র এখনও চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মদদ বহু আগে থেকেই দিয়ে আসছে একটি পক্ষ। দেশের এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কুনজর দেয়, তবে তার চোখ ফুটো করে দেয়া হবে। এদেশে হিন্দু-মুসলিমে কোনো বিভেদ নেই। আমাদের খাবার, পোশাক, চিন্তা, সব এক।










































