Home জাতীয় পিআর ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

পিআর ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

8

খুলনাঞ্চল রিপোর্ট
জামায়াতের পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব বিষয় নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনের আওতায় নির্বাচনী সব কার্যক্রম করছে, আগামীতেও তা করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না ও করবে না। আইন যেভাবে আছে, সে অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত।’
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল অডিটোরিয়ামে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল সরকার বলেন, ‘আমরা নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করছি। যারা অতীতের নির্বাচনে অবৈধ কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তাদের আগামীতে নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে। তাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।’
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভোট কারচুপি রোধে মাঠ পর্যায়ে কার্যকর মোবাইল টিম, ভ্রাম্যমাণ আদালত, ইলেক্টোরাল ইনকোয়ারি, পর্যবেক্ষকসহ মোবাইল অ্যাপের মাধ্যমে নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ইসি আনোয়ারুল। সমস্যাগুলো যাতে না হয় বা তাৎক্ষণিক সমাধান করা যায়, সে জন্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব একেএম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, এসপি রেজাউল করিম, সিবিটিইপির প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান। মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের ৭০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন।