Home আঞ্চলিক খুলনা বিভাগে ৪৩ লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

খুলনা বিভাগে ৪৩ লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

20


স্টাফ রিপোর্টার
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনে খুলনা সিটি করপোরেশনসহ বিভাগের ১০ জেলায় প্রায় ৪৩ লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর সারা দেশের ন্যায় খুলনা বিভাগের এ কর্মসূচি শুরু হবে। তবে এ পর্যন্ত ১৩ লাখ শিশুর অনলাইন নিবন্ধন করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপে এ তথ্য জানানো হয়।
খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, ইউএনবির প্রতিনিধি শেখ দিদারুল আলম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এতে স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: ইব্রাহিম-আল-মামুন।
টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মো. আরিফুল ইসলাম।
কর্মশালায় টাইফয়েড থেকে সুরক্ষার টিকার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, গুজব, অপতথ্য রোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। টাইফয়েড টিকাদান বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ থেকে উত্তরণে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের শিশুদের সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে হবে।
কর্মশালায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪২ লাখ ৮৪ হাজার ৫৭৭ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা বিভাগে এপর্যন্ত অনলাইনে ১৩ লাখ ১০ হাজার ৬৯ জনের নিবন্ধন করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। খুলনা বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের (টিসিভি) আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়েwww.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।