ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
আকলিমা বেগমের (৪০) সম্পত্তি বলতে বসতবাড়ির ৩ শতাংশ জমি। বাকপ্রতিবন্ধী স্বামী, দুই সন্তানসহ সংসারের ভার তাঁর কাঁধে। ২০১৬ সালে লিজের ১০ বিঘা জমিতে ধান আবাদের পাশাপাশি মাছের ঘের দেন। ঘেরের আইলে লাগান শিম। ভাগ্য বদলের শুরু। আকলিমাকে আর পেছনে তাকাতে হয়নি। পুরোদস্তুর চাষি আকলিমার শিমক্ষেত এখন অনেকের জীবিকার অন্যতম উৎস।
খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের আঙ্গারদহ গ্রামের বাসিন্দা আকলিমা বেগম জানান, গত বছর এক বিঘা জমিতে শিম আবাদে তাঁর খরচ হয় তিন লাখ টাকা। খরচ তুলে লাভ করেছেন দুই লাখ টাকা। ২০১৬ সাল থেকে এভাবে শুধু শিমের আয় থেকে পাকা ঘর দিয়েছেন। ঘরে আসবাবের সঙ্গে কিনেছেন টিভি ও ফ্রিজ। দিয়েছেন গরুর খামারও।
একসময় ডুমুরিয়ার বিস্তীর্ণ বিলে মাছ চাষ হতো। সময়ের সঙ্গে বদলেছে উপজেলাবাসীর ভাবনা। এখন চিংড়ি ঘেরের বেড়িবাঁধ, পরিত্যক্ত জমিতে বেড়া ও মাচায় শিম, লাউসহ বিভিন্ন সবজির বাণিজ্যিক চাষ করছেন। এর মধ্যে উপজেলার অন্তত ২২৬ গ্রামে শিমের আবাদ হচ্ছে। বছরে ফসলটি ঘিরে ১৭০ কোটি টাকার বাজার গড়ে উঠেছে। সহস্রাধিক নারী সরাসরি চাষাবাদের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ডুমুরিয়ায় গ্রীষ্মে শিমের আগাম জাতের চাষ হচ্ছে। এটি শেষ না হতেই শুরু হচ্ছে শীতকালীন আবাদ। গ্রীষ্মকালীন বারি-৩, বিস্কুট, আইরেট, এনএসসি, রূপসী বাংলা ও হাবিব জাতের শিম চাষ হচ্ছে। তবে এ অঞ্চলের কৃষকরা বেশি আবাদ করছেন বারি-৩ লাল ফুল জাতের শিম।
কৃষি অফিসের তথ্যে, গত বছর ডুমুরিয়ায় দুই মৌসুম মিলে প্রায় ৮০০ হেক্টর জমিতে শিম চাষ হয়। এর মধ্যে গ্রীষ্মে ৩৮০ ও শীতে ৪২০ হেক্টর জমিতে আবাদ হয়। হেক্টরপ্রতি আগাম জাতের ফসল ওঠে গড়ে ২০ টন। আর শীতে উৎপাদন হয় গড়ে ২৫ টন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন জানান, গ্রীষ্মকালীন শিম জুন থেকে শুরু হয়ে চলে ফেব্রুয়ারি পর্যন্ত। আগস্টের শুরুতে স্থানীয় বাজারে প্রতি কেজি শিম ২২০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ধীরে ধীরে কমে হয় ১৩০ টাকা। চাষিরা আগাম জাতের কেজি গড়ে ১৪০ ও শীতকালীন শিমের দাম পান ৬০ টাকা।
গত বছর গ্রীষ্মে ৩৮০ হেক্টর জমিতে শিমের উৎপাদন হয়েছে সাত হাজার ৬০০ টন। ১৪০ টাকা কেজি দরে ডুমুরিয়ার চাষিরা আগাম জাতের শিম বিক্রি করেছেন প্রায় ১০৭ কোটি টাকা। একইভাবে শীত মৌসুমে ৪২০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়। হেক্টরে ২৫ টন হিসাবে ফলন হয় ১০ হাজার ৫০০ টন। গড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে প্রায় ৬৩ কোটি টাকার শিম।
স্থানীয়রা জানান, ডুমুরিয়ার শোভনা গ্রাম ব্রিটিশ আমল থেকে সবজি চাষের জন্য পরিচিত। গ্রামের প্রবীণ কৃষক পরিমল মণ্ডল জানান, ব্রিটিশ আমল থেকে কাপালি সম্প্রদায়ের মানুষ সবজি চাষ করছেন। নব্বই দশকে ডুমুরিয়ার বিস্তীর্ণ বিল এলাকায় বাণিজ্যিকভাবে মাছ চাষের জোয়ার আসে।
তখন মানুষ অনেকটা শখের বসে মাছের ঘেরের বেড়িবাঁধে শিম ও লাউ চাষ শুরু করেন। এখন তো ডুমুরিয়ায় যতদূর চোখ যায়, শিম আর শিম।
কৃষকরা জানান, ঘেরের মাটি থেকে প্রাকৃতিকভাবে মেলে জৈব সার। কম খরচে ফলন বেশি– এ পদ্ধতিতে শিম চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।
দুই মৌসুমে শিম চাষ, বড় সংখ্যক নারী
উপজেলার সদর, গুটুদিয়া, খর্নিয়া, ভান্ডারপাড়া, শোভনা, মাগুরখালী, সাহস, শরাফপুর, মাগুরাঘোনা, আটলিয়া, রংপুর, ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের অন্তত ২২৬টি গ্রামে শিম আবাদ হচ্ছে। গ্রীষ্ম ও শীতকালীন– দুই মৌসুমে শিম চাষ হচ্ছে।
উপজেলার দুই হাজার ২৮০ কৃষক শিম চাষে যুক্ত। তাদের মধ্যে ৯১০ নারী সরাসরি চাষাবাদে জড়িত। এর বাইরে স্বামী-সন্তানের সহযোগী হিসেবে অনেকে শিম আবাদে সময় দিচ্ছেন।
উপজেলার বান্দা গ্রামের কৃষক নমিতা রায়, বরাতিয়া গ্রামের কাজলি মণ্ডল ও রংপুর গ্রামের প্রমীলা মণ্ডল জানান, ২০২০ সাল থেকে নিজের চার বিঘা জমিতে তারা মাছ চাষ করছেন। কোনো রকমে খরচ উঠত। ২০২১ সাল থেকে ঘেরের বাঁধে শিম লাগান। এখন শিম থেকে খরচ বাদে দ্বিগুণ লাভ করছেন।
শোভনা গ্রামের কৃষক বিধবা কাকলী রায়, আটলিয়ার সীমা মণ্ডল ও ভান্ডারপাড়ার জয়ন্তী বিশ্বাস জানান, ২০২২ সালে প্রথমে তারা বাড়ির ফাঁকা জমিতে শিম, লাউ, কুমড়া ও পুঁইশাক চাষ করেন। পরে লিজ নিয়ে মাছের ঘেরের বাঁধে শিম ও লাউ আবাদ করেন। বাড়তি আয়ে টানাটানির সংসারে স্বস্তি মিলেছে। এখন সংসারের খরচ মিটিয়ে সঞ্চয় করার স্বপ্ন দেখছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলায় ৩১৫ হেক্টর জমিতে লাউ চাষ হচ্ছে। নারী-পুরুষ মিলে তিন হাজার ১৫০ জন আবাদে জড়িত। গড়ে বছরে উপজেলায় সাত কোটি ৮৮ লাখ টাকার লাউ বিক্রি হচ্ছে।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সোয়েল মো. জিল্লুর রহমান রিগান জানান, উপজেলায় বর্তমানে ১১ হাজার ১৪৬ হেক্টর জমিতে ১৮ হাজার ৭১২টি ঘের রয়েছে। ২৩ হাজার ৭৬ ব্যক্তি গলদা চাষে জড়িত। বছরে ছয় হাজার ৩৫৩ টন গলদা চিংড়ি আবাদ হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৫৭৭ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে, উপজেলায় ছয় হাজার ৭৯২ হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘের রয়েছে সাত হাজার ৮২১টি। সাত হাজার ৫১ জন বাগদা চাষে জড়িত। বছরে উৎপাদন দুই হাজার ৬৫৩ টন। যার বাজারমূল্য প্রায় ২৬৫ কোটি ৫০ লাখ টাকা।
শিম ঘিরে ২৩ বাজার
ডুমুরিয়ার শিমের আবাদ ঘিরে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং গ্রামীণ সড়কঘেঁষে গড়ে উঠেছে অন্তত ২৩টি বড় বাজার। এর মধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন এলাকায় রয়েছে ছয়টি পাইকারি বাজার। আর উপজেলার মইখালী, খর্নিয়া, ঘোনাবান্দা, জাবড়া, বকুলতলা, উলা, আঠারো মাইল, শরাফপুর, আটলিয়া, রংপুর, বটতলা, হাজিবুনিয়া, আটলিয়া, রঘুনাথপুর, তেঁতুলিয়া, গুটুদিয়া, শোভনায় বিভিন্ন গ্রামীণ সড়ক ধরে ১৭টি বাজার গড়ে উঠেছে।
কৃষকরা জানান, তারা ক্ষেত থেকে শিম সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। অনেক সময় ফড়িয়ারা সরাসরি ক্ষেত থেকে শিম কিনে নিয়ে যান। কৃষকদের সঙ্গে শিমের বাজার ঘিরে উপজেলায় অন্তত সাত হাজার মানুষের জীবিকার পথ খুলেছে।
উপজেলা সদরের ‘আল্লাহর দান’ কাঁচাবাজারের আড়ত মালিক জি এম আনিচুর রহমান জানান, বাজারে সাড়ে তিন শতাধিক নারী-পুরুষের কাজের সুযোগ হয়েছে। শিমের চাহিদা সারা বছরই থাকে। এলাকার চাহিদা মিটিয়ে বিভিন্ন বিভাগীয় শহরে ট্রাক ও পিকআপে প্রতিদিন চলে যাচ্ছে শিম।
ভ্যানচালক তামিম হোসেন ও হাবিবুর রহমান জানান, তাদের মতো তিন শতাধিক ভ্যানচালক উপজেলায় শিম পরিবহনে নিয়োজিত। দিনে ৫০০ থেকে ৬৫০ টাকা আয় করছেন তারা।
বিষমুক্ত চাষাবাদ
ডুমুরিয়া সাগরপারের উপজেলা। নোনাপানির কিছুটা প্রভাব থাকলেও চার থেকে পাঁচটি বাদে প্রায় সব গ্রাম সবজি চাষের জন্য সহনীয়। অসংখ্য মাছের ঘের সবজি আবাদ সহজ করেছে। কারণ হিসেবে চাষিরা বলছেন, খাবারসহ মাছ পরিচর্যার জন্য ঘেরে বেশি জৈব সার ব্যবহার হয়। এতে ঘেরের বাঁধের মাটি হয়ে ওঠে উর্বর। মাছের ক্ষতি হবে ভেবে বিষের ব্যবহার তেমন হয় না। ফলে ঘেরের বেড়িবাঁধ থেকে আসা সবজি থাকছে বিষমুক্ত।
শোভনা গ্রামের শিম চাষি শেখ এরশাদ আলী জানান, ছয় বিঘা জমিতে তাঁর ঘের রয়েছে। ঘেরের বাঁধে বিঘাখানেক জমিতে চাষ করছেন বিষমুক্ত শিম।
উপজেলার খর্নিয়া গ্রামের কৃষক শেখ কামরুজ্জামান জানান, তিনি খর্নিয়া বিলডাঙ্গা বিলে তিন বিঘা জমিতে বারি-৩ জাতের শিম চাষ করছেন। খরচ হয়েছে পৌনে দুই লাখ টাকার মতো। সম্প্রতি ১৩৫ থেকে ১৮০ টাকা কেজি দরে তিন মণ শিম বিক্রি করেছেন। এবার খরচ বাদে ছয় লাখ টাকার শিম বিক্রি করতে পারবেন বলে আশা কামরুজ্জামানের।
ডুমুরিয়ার পার্শ্ববর্তী ফুলতলা উপজেলার বাসিন্দা যুক্তরাষ্ট্রের সেন্ট ফ্রান্সিস ইউনিভার্সিটির (লরেটো, পেনসিলভানিয়া) ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক মাহাবুব-উল ইসলাম বলেন, ডুমুরিয়ার হাজারো কৃষকের ভাগ্য বদলে ভূমিকা রাখছে শিমের আবাদ। শিমের বাজার ঘিরে বহু মানুষের কর্মসংস্থান এ অঞ্চলের কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন বলেন, গ্রীষ্মকালে শিমের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো। লাভের কারণে এখন অনেকেই শিম চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।











































