Home আঞ্চলিক দরজায় কড়া নাড়ছে উৎসব শারদীয় দুর্গোৎসব

দরজায় কড়া নাড়ছে উৎসব শারদীয় দুর্গোৎসব

13

খুলনাঞ্চল রিপোর্ট।।
দরজায় কড়া নাড়ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। খুলনা অঞ্চলে দিন-রাত এক করে চলছে প্রতিমা তৈরীর কাজ। শেষ মূহূর্তে রং তুলির আঁচড়ে ফুঁটে উঠছে শক্তির দেবী দুর্গার স্বরুপ। এদিকে, সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজনের জন্য কিনছেন পছন্দের জিনিসপত্র। দামও রয়েছে সাধ্যের মধ্যে।

২৮ সেপ্টেম্বর মহা ষষ্ঠীর দিনে দেবী বোধন ও ষষ্ঠীকল্পারম্ভের মধ্যদিয়ে শুরু হবে বৃহৎ এই উৎসব। ঢাক-কাসা আর উলুধ্বণিতে মূখরিত হয়ে উঠবে প্রতিটি মন্ডপ। এ বছর খুলনা বিভাগের দশ জেলা ও মহানগরীতে মোট ৪ হাজার ৮১১টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বৃহৎ উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন মন্ডপে মন্ডপে ও বাসা-বাড়িতে দেবী দুর্গাসহ গণেশ, কার্তিক, লক্ষী ও স্বরস্বতী দেবীর প্রতিমা তৈরীতে ব্যস্ত শতাধিক প্রতিমা শিল্পী।

উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে জানিয়ে সকলের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়ার কথা জানালেন এই আয়োজক।

পূজার সার্বিক নিরাপত্তায় ৩ ধাপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব পালনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করলেও ঝিনাইদহের শৈলকুপা এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর পর থেকে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সূত্রমতে, খুলনা রেঞ্জ পুলিশের আওতাধীন ১০ জেলায় ৪ হাজার ৬৯১টি এবং খুলনা মহানগরীতে ১২০টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিভাগে অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে ৭৪৭টি, গুরুত্বপূর্ণ ১ হাজার ৭১২টি এবং সাধারণ পূজা মণ্ডপ ২ হাজার ২৩২টি। ইতোমধ্যে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সব জেলায় পুলিশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবারের শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর খুলনা রেঞ্জ ডিআইজি’র অধীনস্থ ১০ জেলা পুলিশ। এসপি ও ওসির সমন্বয়ে ফোকাল পয়েন্ট নির্ধারণ, সার্বক্ষণিক মনিটরিং, কুইক রেসপন্স টিম গঠন, মণ্ডপে প্রবেশ ও প্রস্থানপথে মেটাল ডিটেক্টর ও সিসি ক্যামেরা স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, স্বেচ্ছাসেবক, আনসার ও পুলিশের সমন্বয়ে সম্মিলিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক (পিপিএম)-এর নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনায় ইতোমধ্যে ১০ জেলার পুলিশ সুপারগণ গৃহীত নিরাপত্তাব্যবস্থা পূজামণ্ডপগুলোতে বাস্তবায়ন শুরু করেছেন। খুলনা রেঞ্জ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগের প্রতিটি মণ্ডপেই সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত টানা ৫ দিনের জন্য পুলিশ এবং ৬ দিনের জন্য আনসার মোতায়েন করা হয়েছে। পূজা কমিটির সঙ্গে আলোচনা করে স্বেচ্ছাসেবক টিমও প্রস্তুত করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজি’র নেতৃত্বে ও সার্বিক নির্দেশনায় ১০ জেলার পুলিশ সুপারগণ সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা মনিটর করছেন।

সূত্র জানায়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজামণ্ডপকেন্দ্রিক অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি জেলার পুলিশ সুপারকে অবজারভার এবং থানার অফিসার ইনচার্জকে রেসপন্ডার হিসেবে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ সব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং প্রয়োজনীয় সংখ্যক পোশাকধারী পুলিশ ও আনসার মোতায়েন করা হচ্ছে।

সম্প্রতি শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শন করে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেন, রাষ্ট্রের কর্মচারী, দেশের সাধারণ নাগরিক এবং একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে তিনি মনে করেন—এ কাজটি অত্যন্ত ন্যাক্কারজনক। খুলনা রেঞ্জ নয়, দেশের প্রতিটি মন্দিরকেই তারা সমান গুরুত্ব দিয়ে দেখছেন।

জানতে চাইলে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান বলেন, উৎসব শান্তিপূর্ণ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। দুর্গোৎসবের পাঁচ দিন আইনশৃঙ্খলা জোরদার করা হবে। মণ্ডপগুলোতে নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। অপতৎপরতা ও মাদকের ব্যবহার রোধে অতিরিক্ত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—নগরীর জেলখানা ঘাট, চরেরহাট, রেলিগেটস্থ নগরঘাট, দৌলতপুর লঞ্চঘাট ও দৌলতপুর দধি বামনঘাটকে বিসর্জনের স্থান হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

শাস্ত্র মতে এ বছর দেবী দুর্গার আগমন হবে গজে করে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা হবে আর গমন করবেন দোলায় চড়ে।