দিঘলিয়া প্রতিনিধি।।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকে এম সাইফুর রহমান মিন্টু তার প্রাপ্ত ভোট ২৪০, অপর প্রার্থী ছাতা প্রতিকের ডাঃ হাফিজুর রহমান পান মাত্র ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত হন তালা প্রতীকে আব্দুল রকিব মল্লিক, তার প্রাপ্ত ভোট ২৪৮, অপর প্রার্থী কামরুল মল্লিক টিউবয়েল প্রতীক নিয়ে নির্বাচন করে মাত্র পান ৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতীকে মোল্লা নাজমুল হক ১৬০ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীকে মোল্লা মনিরুজ্জামান ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে মোট ২৮৪ জন ভোটারের মধ্যে ২৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মেলনকে ঘিরে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল-শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, খাঁন জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল, জেলা কমিটির সদস্য শরীফ ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশন শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিকাল সাড়ে ৫টা থেকে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয়, দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগকরে নেতা নির্বাচন করেন। অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুরের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।











































