Home খেলাধুলা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান কী বলছে

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান কী বলছে

15


স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশ হারায় ১ ম্যাচ বাকি থাকলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলংকারও। তাই বাংলাদেশ ও পাকিস্তানের আজকের ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত সেমিফাইনালে। যারা জিতবে, তারাই সরাসরি পৌঁছে যাবে ফাইনালে।

সাম্প্রতিক ফলাফল হিসাব করলে এই ম্যাচে এগিয়ে বাংলাদেশই। ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে সালমান আলি আগাদের হারিয়ে দিয়েছে টাইগাররা। ২০২৪ থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে জয়-হার সমান ৪টি করে। ২ ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতিও আছে।

যদিও সার্বিকভাবে অনেক এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ২৫ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে মাত্র ৫ বার পাকিস্তানদের হারাতে পেরেছে টাইগাররা। এশিয়া কাপে ১৫ দেখায় মাত্র ২ জয়।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ১৯৬। ২০২৫ সালে লাহোরে এই রান করেছিলো বাংলাদেশ। অপরদিকে, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দলীয় সর্বোচ্চ ২০৩ রান। ২০০৮ সালে করাচিতে এই সংগ্রহ করেছিলো ম্যান ইন গ্রিনরা। বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ইনিংসটি সাকিব আল হাসানের (৮৪)।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ (২৭৭)। আর সর্বোচ্চ ইনিংসটি আহমেদ শেহজাদের (১১১*)।

বোলারদের মধ্যে দুই দল মিলিয়ে সবচেয়ে সফল তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। ভারতের বিপক্ষে না খেলালেও আজ পাকিস্তানের বিপক্ষে তার খেলা অনেকটাই নিশ্চিত। আর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি শাদাব খান। ১২টি উইকেট নেওয়া এই লেগ স্পিনার অবশ্য পাকিস্তান স্কোয়াডে নেই।