স্পোর্টস ডেস্ক।।
জিতলে ফাইনাল, হারলে পাততাড়ি গুটিয়ে ফিরতে হবে বাড়ি। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠেয় ম্যাচটিতে এমন সমীকরণই টাইগারদের সামনে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। এই তিনজনের জায়গায় এসেছেন নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও শেখ মেহেদি হাসান। তবে একই একাদশ নিয়ে খেলছে পাকিস্তান।
সাম্প্রতিক ফলাফল হিসাব করলে এই ম্যাচে এগিয়ে বাংলাদেশই। ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে সালমান আলি আগাদের হারিয়ে দিয়েছে টাইগাররা। ২০২৪ থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে জয়-হার সমান ৪টি করে। ২ ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতিও আছে।
যদিও সার্বিকভাবে অনেক এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ২৫ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে মাত্র ৫ বার পাকিস্তানদের হারাতে পেরেছে টাইগাররা। এশিয়া কাপে ১৫ দেখায় মাত্র ২ জয়।
দুই দলের একাদশ
বাংলাদেশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।











































