Home আঞ্চলিক চাকরিচ্যুতির তথ্য গোপন করে ওয়াসায় নিয়োগ, জনমনে প্রশ্ন

চাকরিচ্যুতির তথ্য গোপন করে ওয়াসায় নিয়োগ, জনমনে প্রশ্ন

65


স্টাফ রিপোর্টার
চাকরিচ্যুতির তথ্য গোপন করে পুনরায় চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে খুলনা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক এম খাদেমুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ পাওয়ার পরও তার বিরুদ্ধে ওয়াসা কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।


অনুসন্ধানে জানা যায়, খুলনা মহানগরীর বয়রা সেন্ট্রাল রোডের বাসিন্দা মৃত আবুল হোসেন তালুকদারের ছেলে খাদেমুল ইসলাম প্রথমে খুলনা পাবলিক কলেজে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখানে আর্থিক অনিয়মের প্রমাণ মেলায় ২০১০ সালের ২৪ জুলাই তাকে চাকরিচ্যুত করা হয়।


পরে কলেজ কর্তৃপক্ষের চাপে তিনি আত্মসাৎ করা অর্থ ফেরত দেন। তবে চাকরিচ্যুতির এ তথ্য আড়াল করে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে খুলনা ওয়াসায় চাকরির সুযোগ পান। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীন দলের দুইজন প্রভাবশালী নেতার সুপারিশে এই নিয়োগ কার্যকর হয়। এদিকে, ওয়াসায় যোগ দেওয়ার পরও খাদেমুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থেমে থাকেনি। গ্রাহকদের নিয়মিত বিল না দেওয়া, ভুতুড়ে বিল তৈরি, আর্থিক লেনদেনের বিনিময়ে মিটার গায়েব করে দেওয়া কিংবা অকেজো দেখানো- এমন নানা কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়েছে। এসব কাজে তাকে সহায়তা করছেন তার শৈশবের বন্ধু ঠিকাদার এরশাদ আলী ও ওয়াসার এক সহকারী প্রোগ্রামার।


এদিকে, খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মুনসুর আহমেদ ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করলে বিষয়টি আলোচনায় আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়াসার সচিব প্রশান্ত কুমার বিশ্বাস গত বছরের ২২ অক্টোবর খুলনা পাবলিক কলেজ কর্তৃপক্ষের কাছে খাদেমুল ইসলামের অতীত সম্পর্কে মতামত চান।


আর্থিক অনিয়মের দায়ে খাদেমুল ইসলামকে চাকরিচ্যুত করার বিষয়টি গত ৩১ অক্টোবর কলেজ অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম লিখিতভাবে নিশ্চিত করেন। তা সত্ত্বেও কেন এখনো তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি- তা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এ ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খুলনা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাড. মো. বাবুল হাওলাদার বলেন, দুর্নীতির দায়ে বহিষ্কৃত একজন ব্যক্তি কীভাবে প্রভাব খাটিয়ে আবারো সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পান সেটি খতিয়ে দেখা উচিত।


ওয়াসার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অনিয়ম চলতে থাকলে সাধারণ গ্রাহকই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে খুলনা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক খাদেমুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।