Home Lead মাত্র এক কিলোমিটার সড়কই যেন তিন গ্রামের অভিশাপ

মাত্র এক কিলোমিটার সড়কই যেন তিন গ্রামের অভিশাপ

15


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও সাহস ইউনিয়নের মধ্যবর্তী বসুন্দিয়া-কেয়াখালীর গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। মাত্র এক কিলোমিটার সড়কটির বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন তিন গ্রামের বাসিন্দা। এ কাঁচা সড়কটি বর্ষা মৌসুমে কাদাপানিতে পূর্ণ থাকায় যান চলাচল করতে পারে না।

এমনকি হেঁটে চলাও কষ্টসাধ্য। শুকনো মৌসুমে ধুলোবালি ও খানাখন্দের কারণে ভোগান্তি পোহাতে হয় পথচারী ও এলাকাবাসীকে। সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


স্থানীয়দের ভাষ্য, বসুন্দিয়া-কেয়াখালী গ্রামীণ সড়ক দিয়ে বসুন্দিয়া, কেয়াখালী ও খরশন্ডা গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। এসব গ্রামের মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে থাকেন। গ্রামগুলোর পার্শ্ববর্তী বিল এলাকায় সাড়ে ৮০০ বিঘা ফসলি জমি রয়েছে। যেখানে সারাবছর বিপুল পরিমাণ ধান, মাছ, সবজি ও বিভিন্ন ফসল উৎপাদিত হয়। এলাকার কৃষকের যাতায়াত ও তাদের জমির উৎপাদিত ফসল এ সড়ক দিয়েই ঘরে তোলা ও বাজারে নেওয়া হয়। সড়কটির বেহাল দশার কারণে পণ্য পরিবহনে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।


কেয়াখালী গ্রামের কৃষক ওমর ফারুক বলেন, বসুন্দিয়া-কেয়াখালী গ্রামীণ সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় কৃষককে মাথায় করে কিংবা কাঁধে বহন করে পণ্য পরিবহন করতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় ও শ্রমের অপচয় হচ্ছে, তেমনি পণ্যের মানও নষ্ট হচ্ছে। অনেক সময় পণ্য সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এ সময় রাস্তাটি দিয়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়। তখন কৃষকের অনেক ফসল মাঠেই নষ্ট হয় বা পচনের শিকার হয়। সড়কটি দ্রুতই পাকা করার দাবি করেন তিনি।


বসুন্দিয়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম মোড়ল ও শফিকুল খান বলেন, ‘অনেক কষ্ট করে ফসল ফলাই। সেই ফসল সরাসরি বাজারে নিতে পারি না। এই রাস্তাটা পাকা হলে আমাদের তথা এ অঞ্চলের কৃষকদের জীবন বদলে যাবে।’


স্থানীয় শিক্ষক ও সমাজকর্মী মো. ওহিদুজ্জান বলেন, ‘গ্রামীণ সড়কটির বেহাল দশায় হাজার হাজার মাছচাষি ও সবজিচাষি দুর্ভোগে রয়েছেন। সড়কটি সংস্কার করা হলে গ্রামবাসীর দুর্ভোগের অবসান হবে এবং কৃষকরা তাদের পণ্যের সঠিক দাম পাবেন। এ কারণে সড়কটি পাকাকরণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।’ উপজেলার সাহস ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মোল্লা বলেন, সড়কটি দুই ইউনিয়নের মধ্যবর্তী হওয়ায় কেউ পাকাকরণের উদ্যোগ নেয় না।

জনস্বার্থে গত বছর তাঁর উদ্যোগে প্রায় ২০০ ফুটের মতো ইটের সলিং বসানো হয়েছে। বরাদ্দ সংকটের কারণে সড়কটিতে আর উন্নয়ন হয়নি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে কথা বলবেন তিনি।


শরাফপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিনা বেগম বলেন, সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম মারা যাওয়ায় এ বিষয়ে নেওয়া উদ্যোগটি বেশি দূর এগোয়নি। এ বিষয়ে ইউএনওকে জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন বলেন, ‘সড়কটির বেহাল দশার বিষয়ে জানিয়ে এলাকাবাসী একটি আবেদন করেছেন। জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’