Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ডালাসে বন্দুক হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের ডালাসে বন্দুক হামলা, নিহত ১

7


অনলাইন ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের ডালাস শহরে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই-এর একটি ফিল্ড অফিসে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে এখন পর্যন্ত একজন নিহত এবং আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পার্শ্ববর্তী একটি ভবন থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে সন্দেহভাজন হামলাকারী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


এতে বলা হয়, স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটে পশ্চিম ডালাসের আইসিই অফিসের একটি ভবনে বন্দুক হামলা চালানো হয়। এতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী পার্শ্ববর্তী একটি ভবন থেকে গুলি চালায়। কিছু সূত্রের মতে, হামলাকারী একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদ থেকে গুলি চালায়। পরে পুলিশ বা ফেডারেল এজেন্টদের কাছে ধরা পড়ার আগেই সে আত্মহত্যা করে।

এ ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকল্যাফলিন জানান, আইসিই-এর কোনো কর্মকর্তা আহত হননি। তবে হতাহতদের মধ্যে আইসিই’তে আটককৃত ব্যক্তি বা সংস্থাটির কোনো কর্মকর্তা আছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

রাজনৈতিক সহিংসতার নতুন ঢেউ নিয়ে উদ্বেগের মধ্যে এমন বন্দুক হামলার ঘটনা ঘটলো। দুই সপ্তাহ আগে ইউটার এক ইভেন্টে স্নাইপারের গুলিতে রক্ষণশীল কর্মী চার্লি কার্কের মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা এ ধরনের সহিংসতার জন্য উদারপন্থী সংস্থাগুলোকে দায়ী করেছেন, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।

ডনাল্ড ট্রাম্প প্রশাসন অভিবাসন বিরোধীদের ওপর কঠোর পদক্ষেপ নিতে আইসিই এজেন্টদের ব্যবহার করছে, যা ডেমোক্রেট এবং উদারপন্থী অ্যাক্টিভিস্টদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আইসিই আটক কেন্দ্রগুলো প্রায়শই বিক্ষোভের স্থান হয়ে ওঠে। যেখানে সশস্ত্র এজেন্টরা বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও অন্যান্য রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। সম্প্রতি শিকাগোর একটি আইসিই কেন্দ্রে বিক্ষোভকারীদের সঙ্গে এজেন্টদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও গত জুলাই মাসে টেক্সাসের আলভারাদোতে একটি আইসিই আটক কেন্দ্রে সমন্বিত প্রতিবাদ হয়। যেখানে একাধিক গুলির ঘটনা ঘটে এবং একজন পুলিশ অফিসার আহত হন।