বিনোদন ডেস্ক।।
মিলান ফ্যাশন উইক মানেই ফ্যাশনের দুনিয়ার সবচেয়ে আলোচিত ইভেন্ট। র্যাম্প ও রেড কার্পেটে তারকারা হাজির হন নিজেদের সেরা রূপে। এ বছর গুচির নতুন কালেকশনে আলো কাড়লেন বলিউডের তারকা আলিয়া ভাট। এক কথায়, তার লুক ছিল পরিশীলিত অথচ দারুণ আকর্ষণীয় -যা তাকে সবার মধ্যে আলাদা করেছে।
ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড গুচির ক্রিয়েটিভ ডিরেক্টর ডেমন-এর প্রথম কালেকশনের সিনেমাটিক শো, ‘দ্য টাইগার’-এর বিশেষ স্ক্রিনিং-এ এসেছিলেন তিনি। বিশেষ এই অনুষ্ঠানে আলিয়া গুচির সর্বশেষ ‘লা ফ্যামিলিয়া’ কালেকশনের একটি অল-ব্ল্যাক পোশাকে নিজেকে সাজিয়েছিলেন। তিনি একটি নিউড-শেডের সাটিনের মিনি ড্রেসের ওপর একটি জমকালো কালো পশমের কোট পরেছিলেন। এই ভলিউমিনাস কোটটিতে লম্বা হাতা এবং সাইড পকেট ছিল। কোমরে একটি সোনালি গুচি চেইন ব্যবহার করে আলিয়া তার লুককে আরও গ্ল্যামারস করে তোলেন ।
কোটের আড়ালে বেশিরভাগ লুক ঢাকা থাকলেও, আলিয়ার পোশাকের অন্য একটি দিক ছিল তার নিউড-শেডের সাটিনের মিনি ড্রেস, যাতে ডিপ ভি-নেক এবং লেসের সূক্ষ্ম কাজ ছিল। অভিনেত্রী তার এই সাহসী পোশাকের সঙ্গে গুচির থাই-হাই কালো স্টকিংস পরেছিলেন। এর সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন কালো হাই হিল এবং একটি ছোট, কালো চামড়ার হ্যান্ডব্যাগ। চুলে ছিল অনায়াস ছোঁয়া। স্ট্রেট করা খোলা চুলে কপার হাইলাইট সূক্ষ্ম ঝিলিক ছড়াচ্ছিল আলোর প্রতিফলনে। মেকআপে ছিল স্বাভাবিকতার ছাপ। ন্যুড লিপস, হালকা টোনে বেস মেকওভার-সব মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের মিনিমালিস্ট অথচ অভিজাত উপস্থিতি।
আলিয়ার এই ফ্যাশন মোমেন্ট কেবল পোশাক বা সাজের কারণে নয়, বরং তার আত্মবিশ্বাসী ভঙ্গি আর ব্যক্তিত্বের প্রকাশের কারণেও নজর কেড়েছে।মিলান ফ্যাশন উইকের জমকালো আড্ডায়, তিনি যেন হয়ে উঠেছিলেন গুচির একচেটিয়া প্রতিনিধি-আভিজাত্য আর আধুনিকতার এক নিখুঁত সংমিশ্রণ।২০২৩ সালে আলিয়া ভাট প্রথম ভারতীয় হিসেবে গুচির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত হন।











































