Home আঞ্চলিক ইবির ছাত্রী তিন্নির মৃত্যু, সন্দেহের তীর বোনের স্বামীর দিকে

ইবির ছাত্রী তিন্নির মৃত্যু, সন্দেহের তীর বোনের স্বামীর দিকে

11

ঝিনাইদহ প্রতিনিধি

সাবেক দুলাভাইয়ের নির্যাতনের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিক্ষার্থীর নাম উলফাত আরা তিন্নি। সে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দুলাভাই জামিরুল ইসলাম। ১ অক্টোবর, বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই রাতেই তিন্নির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিন্নির খালাতো ভাই মখলেছুর রহমান জানান, তিন্নির বড়বোন মিন্নির সঙ্গে একই গ্রামের পুনুরুদ্দিনের ছেলে জামিরুলের বিয়ে হয়। কিন্তু পরে নিজেদের মধ্যে মিল না হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এর কিছুদিন পর মিন্নিকে ফিরিয়ে নেয়ার জন্য জোর করতে থাকে জামিরুল। এ জন্য তিন্নির পরিবারের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন তিনি।

তিনি আরো জানান, এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন্নিদের বাড়িতে এসে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাঙচুর চালায় জামিরুল। পরে রাত ১০টার দিকে আরো ১৫-২০ জনকে নিয়ে তিন্নিদের বাড়িতে হামলা করে জামিরুল। এ সময় বাড়ির দুই তলায় নিজের ঘরে পড়ছিলেন তিন্নি। ওই ঘরে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে তিন্নিকে প্রচুর মারধর করে জামিরুল। এরপর লোকজন নিয়ে চলে যান তিনি। এর ১০ মিনিট পরে তিন্নির মা ও বোন দুই তলায় গিয়ে তিন্নির ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন আসে এবং পুলিশকেও খবর দেয় হয়।

তিন্নির মা হালিমা বেগম জানান, তার স্বামী মারা যাওয়ার পরে বাড়িতে কোনো ছেলে মানুষ নেই। আর তিন্নি অনেক মেধাবী ছিলো। সে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু জামিরুল লোকজন নিয়ে এসে তার মেয়েকে মেরে ফেলেছে।

তিনি আরো বলেন, তারা তিন্নিকে এমন কিছু করে মেরেছে যেন কেউ আসল ঘটনা বুঝতে না পারে। জামিরুলই তিন্নিকে মেরে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে তিন্নির বোন ও পরিবারের অন্যদের অভিযোগ, পাশবিক নির্যাতন করার কারণেই হয়তো আত্মহত্যা করেছেন তিন্নি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি করেন তারা।

এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক রুমন রহমান তিন্নির লাশের ময়নাতদন্ত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে। এছাড়াও কিছু আলামত পাওয়া গেছে। সেগুলো সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা পর জানা যাবে আরো কোনো ঘটনা আছে কিনা। ওই প্রতিবেদন পেলে বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, তিন্নির মৃত্যুটি রহস্যজনক। হয়তো হামলাকারীরা তার সঙ্গে এমন কিছু করেছে, যার কারণে তিন্নি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না বলে জানান তিনি।