ঢাকা অফিস
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে দেশের সব সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বঙ্গোপসাগর এলাকায় বিরাজমান লঘুচাপ এবং অমাবস্যাকালীন জোয়ারের মিলিত প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার হতে পারে। এতে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর নদীসংলগ্ন নিম্নাঞ্চল জোয়ারকালীন সময়ে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা কালের কণ্ঠকে বলেন, ‘মূলত লঘুচাপের প্রভাবে পেরিফেরাল ক্লাউড বা মেঘ তৈরি হয়ে তা থেকে এ রকম বৃষ্টি হয়েছে। সকালে এর প্রভাব ঢাকার ওপরে বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বুধবারের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আরেকটি লঘুচাপ হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে আবার দেশে বৃষ্টি কমতে পারে। সার্বিকভাবে বৃষ্টি কম থাকতে পারে আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত। এরপর আবার বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।











































