Home আন্তর্জাতিক ছেলেকে সিভিল সার্ভিস পরীক্ষা পাস করাতে ঘুষ, অতঃপর

ছেলেকে সিভিল সার্ভিস পরীক্ষা পাস করাতে ঘুষ, অতঃপর

14


অনলাইন ডেস্ক।।
ছেলেকে সিভিল সার্ভিস পরীক্ষা পাস করাতে ৬০ লাখ রুপি ঘুষ দিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তি। ভুক্তভোগীর নাম ইরশাদ খান। তিনি একটি হোটেলের মালিক। তার ছেলে সাদ্দাম খান বাণিজ্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। চারবার সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাদ্দাম। চেষ্টা করছেন পঞ্চম বারের মতো। ওই মুহূর্তে ইরশাদ খানের সঙ্গে পরিচয় হয় ইয়াকুব শেখ নামের এক ব্যক্তির। তিনি প্রায়ই ইরশাদের হোটেলে যেতেন এবং সেখানে নিজেকে সিআইডি অফিসার হিসেবে পরিচয় দেন। প্রতিশ্রুতি দেন যে, ইরশাদ খানের ছেলেকে সিভিল সার্ভিস পরীক্ষা পাস করতে সাহায্য করবেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।


এতে বলা হয়েছে, ইয়াকুব শেখ ইরশাদ খানকে বিজয় চৌধুরি নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় করান। বিজয় তাদেরকে আশ্বাস দেন যে, তিনি ইউপিএসসির রেজাল্ট পরিবর্তন করতে পারবেন। বিশ্বাস অর্জনের জন্য তিনি নিজেকে দিল্লি কমিশনার ও ইউপিএসসির প্রধান কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাদের কথায় প্রভাবিত হয়ে ইরশাদ খান তিন দফায় মোট ৬০ লাখ রুপি প্রদান করেন। তবে সাদ্দামের ফলাফলে কোনো পরিবর্তন আসে না। এ নিয়ে প্রশ্ন করা হলে, তারা বিভিন্ন ধরণের অজুহাত দিতে থাকেন। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ইরশাদ খান মালভানি পুলিশ স্টেশনে একটি মামলা করেন। ইয়াকুব শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিজয় চৌধুরি এখনও ধরা ছোয়ার বাইরে।