Home আঞ্চলিক ক্লিনার খুলে নিলো অক্সিজেন সিলিণ্ডার, খুমেক হাসপাতালে মুমূর্ষু রোগীর মৃত্যু

ক্লিনার খুলে নিলো অক্সিজেন সিলিণ্ডার, খুমেক হাসপাতালে মুমূর্ষু রোগীর মৃত্যু

31


স্টাফ রিপোর্টার
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ক্লিনার কর্তৃক মুমূর্ষু রোগী সাইফুল ইসলাম (৩৮) এর অক্সিজেন সরবরাহ বন্ধ করার পরেই তার মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত সাইফুল ইসলাম খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের পুত্র।
ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে যোগিপোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড খানাবাড়ীর সাইফুল ইসলামকে কিডনিজনিত সমস্যার কারণে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এর ৫ ও ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্ধ্যার পর তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় স্বজনরা ডাক্তার ও নার্সসহ বিভিন্ন ব্যক্তির কাছে অক্সিজেনের জন্য চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে গভীর রাতে চিকিৎসক অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন । কিন্তু সকালে ওয়ার্ডের ক্লিনার এসে পাশ্ববর্তী অন্য রোগীরকে অক্সিজেন সিলিন্ডার দেয়ার কথা বলে সাইফুলের অক্সিজেনটাও খুলে নিয়ে যান। এ ঘটনার মাত্র ১৫ মিনিটের মধ্যে সাইফুল ইসলাম মারা যান।
নিহতের মা রশিদা বেগম জানান, মুমূষু অবস্থায় আমার ছেলেকে অক্সিজেন দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। গভীর রাতে অক্সিজেন দেওয়া হলেও সকালে তা খুলে নেওয়ার পর সে মারা যায়। নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, রাত ১টার পরে তার ভাইকে অক্সিজেন দেওয়া হয়, কিন্তু সকাল ৭টার পরে ওয়ার্ড ক্লিনার আ: জব্বার (আউটসোর্সিং) সিলিণ্ডার অন্য রোগীর জন্য নিয়ে যায়। এর ১৫-২০ মিনিট পরই তার ভাই সাইফুল মারা যান।
রোগীর স্বজনরাও জানিয়েছেন, হাসপাতালের একজন ব্যক্তি নাক থেকে নল খুলে সিলিণ্ডার নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরই রোগীটি মারা যায়।
এ বিষয়ে অভিযুক্ত মেডিসিন ইউনিট-১ এর ওয়ার্ড ক্লিনার জব্বার (আউটসোর্সিং) অক্সিজেন খুলে নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি একজন মুমূর্ষু রোগীর জন্য তাদের কাছে থেকে অক্সিজেন সিলিণ্ডারটা নিয়ে যাই। কোন ডাক্তারের পরামর্শ ছাড়া রোগীর কাছ থেকে অক্সিজেন খুলে নেওয়া বা অন্য রোগীকে অক্সিজেন দেওয়া তার ডিউটির মধ্যে পড়ে কিনা এমন প্রশ্নের তিনি কোন উত্তর দিতে পারেননি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এ ধরণের নানা অভিযোগ আছে। হাসপাতালের ওয়ার্ড বয় এবং ক্লিনারদের টাকা না দিলে মেলেনা ওয়ার্ডে সিট এবং অক্সিজেনসহ নানা রকম সেবা ।
এ বিষয়ে কথা বলতে খুলনা মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক ভারপ্রাপ্ত ডা. আক্তারুজ্জামান এর চেম্বারে গেলে তাকে পাওয়া যায়নি। পরে সাংবাদিকরা তার মুঠো ফোনে ফোন দিলে তিনি জানান, ওয়ার্ডে জরুরী চিকিৎসা সেবার কাজে ব্যস্ত আছেন।
পরে এ বিষয়ে হসপিটালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, হসপিটালে অক্সিজেনের কোন সংকট নেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে। মুমূর্ষু রোগীকে অক্সিজেন দেওয়া বা খুলে নেওয়া ওয়ার্ড ক্লিনারের কাজ নয়।
তিনি জানান, একজন রোগী কখন অক্সিজেন পাবে, কখন অক্সিজেন পাবে না এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ওয়ার্ডের ডাক্তার। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।