Home জাতীয় শিগগিরই কেটে যাচ্ছে কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ সংকট

শিগগিরই কেটে যাচ্ছে কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ সংকট

16

ঢাকা অফিস

সরকারি কলেজগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই অধ্যক্ষ-উপাধ্যক্ষ সংকটে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিপাকে পড়তে হয় কর্তৃপক্ষকে। ফলে অনেক সমস্যারই সমাধান করা যায় না। তবে, এই সংকট আর দীর্ঘায়িত হচ্ছে না। শিগগিরই এই সমস্যার সমাধান হতে যাচ্ছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।  জানা গেছে, যেসব সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নেই, সেগুলোর তালিকা চেয়ে গত বৃহস্পতিবার (১ অক্টেবার) আঞ্চলিক পরিচালকদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মাউশি। ৫ অক্টোবরের মধ্যে এই তালিকা দেওয়ার জন্য মাউশির ৯ আঞ্চলিক পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজে কোনো কোনো শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রুটিন দায়িত্ব পালন করছেন। কোনো কোনো কলেজে দীর্ঘদিন ধরে উপাধ্যক্ষই অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এই কারণে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনেক সমস্যার সমাধান করা যায় না। নেওয়া সম্ভব হয় না যথাসময়ে জরুরি সিদ্ধান্তও।’ মাউশির ডিজি বলেন, ‘কলেজের অ্যাকাডেমিক, প্রশাসনিক, অবকাঠামোগত নানা সমস্যা সমাধান করতে এসব পদের নিয়মিতকরণের বিকল্প নেই। যেসব কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়মিত নেই, সেগুলোর তালিকা চেয়েছি। আশা করি, শিগগিরই এসব সমস্যার সমাধান করতে পারবো।’ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ‘কলেজের সংকট নিরসনে কাজ করছি। ইতোমধ্যে এই দুই পদের জন্য যোগ্য শিক্ষকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। অনেকেই আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।’ সচিব বলেন, ‘আবেদন করা শিক্ষকদের মধ্যে থেকে যোগ্যতাসম্পন্নদের বাছাই করা হবে। তাদের মধ্য থেকে প্যানেল করা হবে। যে সব কলেজে শূন্য পদ রয়েছে, প্যানেল ভিত্তিতে সেগুলোর অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ পূরণ করা হবে। আর যেসব কলেজের পদ পরবর্তী সময়ে খালি হবে, সেখানে প্যানেল থেকে সময়মতো নিয়োগ দেওয়া হবে।’ উল্লেখ্য, দেশে সরকারি কলেজের সংখ্যা ৬৩২। ১৪১টি সরকারি কলেজে অধ্যক্ষের পদ ফাঁকা। ২৮টি কলেজে উপাধ্যক্ষ পদ শূন্য। এছাড়া, শিক্ষক পদ খালি রয়েছে ২ হাজার ৮৭৮ জনের।