সৈয়দ রানা কবীর||
দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরিবহন সেক্টরে নৈরাজ্যের প্রধান হোতা শাজাহান খান। এখনো চলছে তারই ইশারায় চাঁদাবাজিসহ নানা রকম অরাজকতা। শাজাহান খান গত ১৫ বছরে গাড়ি, বাড়ি, শিপিং ব্যবসাসহ প্রায় ১৫ হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। এক সময় অদক্ষ শ্রমিকদের গাড়িচালানোর লাইসেন্স পেতে সহযোিগতা করতো। তারই প্রত্যক্ষ ইন্ধনে অদক্ষ চালকদের কারণে সড়ক ও মহাসড়কে অহরহ ঘটেছে নানা রকম দুর্ঘটনা। এ সকল দুর্ঘটনায় ঘটেছে অসংখ্য প্রাণহানিরও ঘটনা। এখনো সমগ্র দক্ষিণ- পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জেলায় বিচরণ করছে তারই শতাধিক শিষ্য ও সদস্য। আওয়ামীলীগ ও শাজাহান খানের পতন হলেও এখনো পুরানো কায়দায় খোলস পাল্টিয়ে নতুন রুপে আবির্ভুত হয়ে চালাচ্ছে তাদের চাঁদাবাজি। আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে ‘ঠুটোঁ জগন্নাথের ভুমিকায়’।
বিভিন্ন সুত্রে ও পরিবহন বিশেষজ্ঞরা জানান, দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ সর্বত্রই নিম্নমানের লক্কর ঝক্কর গণপরিবহনের জন্য প্রধানত দায়ী করা হয় শাজাহান খানকে। পরিবহন সেক্টরটি ছিল শাজাহান খানের কাছে একদম জিম্মি। কিন্তু তার পতন হলেও পরিবহন সেক্টরটি এখনো তারই কিছু লোকদের কাছে রয়েছে নতুনরুপে পুরাতন কায়দায় জিম্মি। বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছে একদম ঠুটো জগন্নাথ হয়ে পড়েছেন। সড়কের শৃঙ্খলা ফেরাতে নানা রকম উদ্দোগ গ্রহন করতে গেলেও তা পথে পথে বাধার সম্মুখীন হয়েছে সাবেক সরকার এবং এখনো তাদের বাধার সম্মুখীন হচ্ছে বর্তমান সরকারও। ফলে সাধারণ মানুষ কাংখিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
একাধিক পরিবহন শ্রমিক, সাধারণ মানুষ ও খুলনা- যশোরের কয়েকজন শ্রমিক নেতার নিকট থেকে অভিযোগে জানাযায়, শাজাহান খান নিজে কখনো সাধারণ শ্রমিক বা পরিবহন শ্রমিকও ছিল না। পরিবহন শ্রমিক না হয়েও তিনি পরিবহন শ্রমিক সংগঠনের নেতা সেজে সারা দেশের পরিবহন সেক্টরে কোটি কোটি টাকার চাঁদাবাজি করার জন্য গড়ে তুলেছিলেন তার নিজস্ব পরিবহন সিন্ডিকেট বাহিনী। আর গত প্রায় ১৫ বছরে এই শাজাহান খান পরিবহন খাতের চাঁদাবাজির আয়ের উৎস দিয়ে গড়ে তুলেছেন ধনসম্পদের পাহাড়।
সুত্রে আরো জানাযায়, সাবেক পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরে পরিবহন সেক্টরের ১৫ হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও তার পরিবহন সিন্ডিকেটের একাধিক নেতা। শাজাহান খানের অবৈধভাবে অর্জিত হাজার হাজার কোটি টাকার আয়ের উৎসের সন্ধানে অতি সম্প্রতি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক যুগ আগেও তার দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ ঢাকা শহরে ছিল না কোনো ফ্ল্যাট বা জমি। ছিলনা তার কোন বাস বা শিপিং ব্যবসাও। কিন্তু এখন মাদারীপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং ঢাকায় রয়েছে তার একাধিক ফ্লাট বাড়িসহ অঢেল সম্পদ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ ঢাকায় রয়েছে শতাধিক বাস ও পরিবহন। আওয়ামীলীগের এমপি ও মন্ত্রী হওয়ার পর তার সম্পদ বেড়েছে প্রায় শতগুণ। রয়েছে আবাসন, হোটেল, পরিবহন ও শিপিং ব্যবসা। নিজ ও পরিবারের অন্য সদস্যদের নামে বেনামে রয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ।
বিগত সরকার আমলে সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি। সারা দেশের পরিবহন সেক্টরের শৃঙ্খলা ফেরাতে উদ্যোগের অন্যতম বাধা ছিলেন শাজাহান খান। ঠিক একই কায়দায় তারই কিছু অনুসারীরা এই সরকার আমলেও একই কায়দায় আবারো বাঁধা শুরু করেছে। যার ফলে গত মাসে এই সরকারও ফিরে আসছে কঠোর সিদ্ধান্ত গ্রহন করা থেকে।
একাধিক পরিবহন শ্রমিকের সঙ্গে আলাপ করে জানাগেছে, সড়ক পরিবহন আইনে রাস্তা থেকে চাঁদা ওঠানোর কোনো বিধান নেই। এরপরও দীর্ঘদিন যাবত পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাজাহান খান। বিভিন্ন টার্মিনাল, উপজেলা পর্যায়ে চাঁদা তুলে পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে। এই ফেডারেশনের সবকিছুই চলেছে শাজাহান খানের ইশারায়। এখনো বিচরন করছে তারই কিছু অনুসারীরা। তারা এখন নতুনরুপে নতুন দলের পরিচয়ে এ কাজে লিপ্ত রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়ে সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন সিএনজি অটোরিকশা মালিক সমিতি। সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের তিন নেতাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে গত চার বছরে প্রায় ৬ হাজার ৯৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে করেছে সংগঠনটি। এই সমিতির সাধারণ সম্পাদক হানিফ খোকন অভিযোগ করেছেন, সড়ক পরিবহন আইনের তোয়াক্কা না করে তারা চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমানের অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শাজাহান খান ছাড়া বাকি অভিযুক্তরা হলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান। চিঠিতে দুদককে অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবিও জানানো হয়েছে।
শাজাহান খান ও সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে পরিবহনে চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। এখনো রয়েছে তার বাহিনীর প্রায় শতাধিক চাঁদাবাজ সদস্য। চাঁদাবাজির আয়ে পরিবার, পরিজন, আত্মীয়স্বজনের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ করেছেন। পরিবহন শ্রমিক নেতারা বলেছেন, বর্তমান অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, অনতিবিলম্বে তদন্ত করে এসব অবৈধ সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক।
এদিকে বেশ কয়েকজন পরিবহন মালিকরা অভিযোগ করেছেন, পরিবহন খাতের নিয়ন্ত্রক ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের নৌমন্ত্রী শাজাহান খান। সরকারের বাসভাড়া নির্ধারণের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ছিল শাজাহান খানের সিন্ডিকেটের। উপরন্তু সরকার নির্ধারিত ভাড়া না মানলেও পরিবহন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত না সরকার। আবার পণ্য পরিবহনে বাড়তি ভাড়া আদায়েও শাজাহান খানদের ইন্ধন ছিল।
দুর্নীতি দমন কমিশনের আমলে নেওয়া অভিযোগে জানা গেছে, সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। ফেডারেশনের অন্তর্ভুক্ত ২৪৯ শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাজাহান খানের পকেটে। ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর কয়েক প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন। তার ছিল নিজস্ব চাঁদাবাজ ও মাস্তান বাহিনী। এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি ছিল পরিবহন মালিকরা।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সড়ক আইন প্রণয়ন করলেও শাজাহান খানদের চাপে আইনের ধারা শিথিল করা হয়। শাজাহান খানের ইশারাতেই কথায় কথায় যান চলাচল বন্ধ রেখে মানুষের ভোগান্তি সৃষ্টি করেও দাবি আদায় করত পরিবহন কর্মীরা। এক কথায় শাজাহান খান ছিলেন পরিবহন খাতের একজন মাফিয়া ডন।
পরিবহন মালিকদের অভিযোগ আমলে নেওয়া তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারে থেকেও পরিবহন খাতের জন্য বিকল্প সরকারের ভূমিকায় ছিল শাজাহান খানের অনুসারীরা। পরিবহন খাতে অন্যায়ভাবে চাঁদাবাজিকে বৈধতা দিয়েছিলেন শাজাহান খান-ওসমান আলী গ্রুপ। এখনো সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভিন্ন শ্রমিক গ্রুপের অনেকেই চলেছে শাজাহান খানের ইশারায়।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নির্দেশিকার ৪১টি ধারায় সড়কে চাঁদাবাজিকে দেওয়া হয় প্রাতিষ্ঠানিক রূপ। নির্দেশিকায় শহরতলির মধ্যে কোথায়, কোন রুটে, কে চাঁদা তুলবে, আন্তজেলায় চলা যানবাহনে ঢাকার কোন স্পটে কারা চাঁদা তুলবে তা নির্ধারণ করে দেওয়া হয়। মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নগুলোর চাঁদা তোলার বিষয়ে বিস্তারিত বলা হয়েছে নির্দেশিকায়।
নির্দেশিকা অনুযায়ী প্রতিদিন একটি বাণিজ্যিক যানবাহন থেকে একবার ৫০ টাকা হারে চাঁদা তোলার কথা। কিন্তু বাস্তবে এক দিনে ১৫ থেকে ২০ বারও চাঁদাও দিতে হয়েছে এসব যানবাহনকে। তবে বর্তমানে তা কমেছে। কিন্তু এখন আবার নতুন ভাবে আবির্ভুত হয়েছেন অন্য পক্ষ। তারা অনেকেই ছিল আগে শাজাহান খানের অনুসারী।











































