বিশেষ প্রতিবেদক ||
খাগড়াছড়িতে সন্দেহভাজন এক সক্রিয় সদস্যের বাড়িতে অভিযানের সময় ইউপিডিএফ বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় হয়েছে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদসহ আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সংস্থাটি জানায়, পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসাবে শনিবার সকালে টহল দল এলাকার ইউপিডিএফের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় সেনা সদস্যরা। এ সময় তার বাড়িতে তল্লাশি শুরু করলে এলাকায় উৎপেতে থাকা ইউপিডিএফের ১৫-২০ জনের একটি সশস্ত্র দলের সাথে গুলি বিনিময় হয়। একপর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে টিকতে না পেরে দুর্গমতার সুযোগে সশস্ত্র দলটি পালিয়ে যায়।
পরে, তল্লাশি চালিয়ে ঘটনাস্থল হতে ৮ রাউন্ড গুলিসহ ১টি রাশিয়ান পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
এই ঘটনার সাথে জড়িত সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।









































