বিনোদন ডেস্ক।।
নায়িকা, প্রযোজক এবং পরিচালক- এই তিন পরিচয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন সোনালি যুগের চিত্রনায়িকা সুচন্দা। আজ এই গুণী অভিনেত্রীর জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে যশোরে তার জন্ম। পর্দায় তার নাম সুচন্দা হলেও বাবা-মা শৈশবে তাকে আদর করে চাটনি নামে ডাকতেন। গুণী পরিচালক সুভাষ দত্তের হাত ধরে তার সিনেমায় অভিষেক হয় ‘কাগজের নৌকা’ সিনেমায়। এরপর তিনি হয়ে উঠলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা। আধুনিক কবিতার রূপকার কবি শামসুর রাহমানের প্রিয় নায়িকা ছিলেন সুচন্দা। কবি এই নায়িকার সুন্দর দু’টি চোখের প্রশংসা করতেন। এই সময়ে এসে জন্মদিন কীভাবে উদ্যাপন হয় আপনার? সুচন্দা বলেন, সময়ের ব্যবধানে আজ আমি ৭৮ বছরে দাঁড়িয়ে। এখন আর জন্মদিন নিয়ে আমার আগ্রহ নেই। বরং জীবন ফুরিয়ে যাওয়ার ভাবনা আমাকে জড়িয়ে ধরে। সমাপ্তির পথে একধাপ এগিয়ে যাই। আমার চাওয়া-পাওয়া এখন আমার নাতি-নাতনিদের মাঝে বন্দি। হাজার না করলেও তারা আমার জন্মদিনে আয়োজন করবেই। বিশেষ করে রাতের বেলায় তারা আমাকে রেস্টুরেন্টে নিয়ে যায়, কেক কাটে। শৈশবের জন্মদিন প্রসঙ্গে সুচন্দা বলেন, আমি যখন বুঝতে শিখেছি তখন জন্মদিনে আমার মা বড় হাড়িতে পোলাও-কোরমা রান্না করতেন। জন্মদিনে নতুন জামা পেতাম। কি যে খুশি হতাম, আজ এই বয়সে দাঁড়িয়ে সেদিনের কথা মনে পড়লে চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। যখন অভিনয়ে এলাম, তখন শুটিংয়ে জন্মদিন পালন করা হতো আমার। পুরো ইউনিট জন্মদিনে সারপ্রাইজ দিতো। কথায় কথায় সুচন্দা বলেন, একবার ফ্রান্সের আইফেল টাওয়ারের নিচে আমার ভাইয়ের ছেলে-মেয়েরা জন্মদিন পালন করেছিল। আরেকবার জন্মদিনে আমেরিকায় ছিলাম। সেবার আমার ভাই, তাদের স্ত্রী ও সন্তানরা বিরাট এক জাহাজে আমার জন্মদিন করলো। জাহাজের ক্যাপ্টেন যখন আমার নাম নিয়ে জন্মদিনের ঘোষণা দিলেন, তখন উপস্থিত সবাই উল্লাস করতে থাকেন। সুচন্দা স্মৃতির মাঝে ডুব দিয়ে বলেন, মাঝে-মধ্যে যখন একা থাকি হাজারও সুখ-দুঃখের স্মৃতি ভিড় জমায়। শুটিংয়ের স্মৃতিগুলো মনে পড়ে। সহকর্মী, পরিচালকদের কথা মনে পড়ে। এত সম্মান আর ভালোবাসা সিনেমার লোকজন ও দর্শক আমাকে দিয়েছেন যে, সেই ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। সুচন্দা বলেন, বর্ণিল জীবন একদিন হঠাৎ মৃত্যুর কাছে হেরে যায়। আমার এই বিশেষ দিনে ভক্তদের কাছে দোয়া চাই, যতদিনই বেঁচে থাকি যেন সুস্থ থাকি।











































