Home Lead মাজারবিরোধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি

মাজারবিরোধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি

8

কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি

খুলনাঞ্চল রিপোর্ট।।

ওলি-আউলিয়ারা বাংলাদেশে ইসলামের ভিত্তি স্থাপন করেছেন এবং তা বিস্তারে প্রধান ভূমিকা পালন করেছেন, এটি অনস্বীকার্য। কিন্তু ওলি-আউলিয়া, পীর-মাশায়েখ, দ্বীনের কাজে নিয়োজিত থেকে জীবন বিলিয়ে দেওয়া ফকির-দরবেশদের মাজারের ওপর এক শ্রেণির শকুনের দৃষ্টি পড়েছে। এসব মাজারবিরোধী তথা ওলি-আউলিয়া, পীর-মাশায়েখ বিরোধী চক্ররা ইতিপূর্বেও দেশের বিভিন্ন স্থানে মাজার, খানকা শরীফে সহিংসতা চালিয়েছে, ভাঙচুর-লুটপাট করেছে।

এ ধরনের সহিংসতা দেশের ত্বরিকতপন্থীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে। কুমিল্লার হোমনায় চারটি মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত মাজারবিরোধী চরমপন্থীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তুলছেন দেশের ত্বরিকতপন্থী নেতৃবৃন্দ। এছাড়াও কুমিল্লার নাগরিক সমাজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে বৃহস্পতিবারের মাজারে ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ও উসকানিদাতাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাতে হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের অন্তত দুই সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন। গতকাল শুক্রবার সকালে হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এর আগে গ্রেফতার মহসিনকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী রবি/সোমবার রিমান্ডে শুনানি হতে পারে। ঘটনার পর থেকে আসাদপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মামলার বাদী এসআই তাপস কুমার সরকার বলেন, মব সৃষ্টি করে ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ২ হাজার থেকে ২২’শ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনার সময়ের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এদিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই অঞ্চলে ইসলামের প্রসার ও ত্বরিকতের প্রচারে ভূমিকা রাখা সুফি সাধকদের মধ্যে হোমনার আসাদপুরে যে কয়েকটি মাজার শরীফ রয়েছে, এটির কোনোটি সময়কাল অর্ধশত বছরেরও বেশি। হোমনা বা আশপাশের উপজেলা এমনকি দূরদূরান্ত জেলা থেকেও ভক্ত, আশেকানরা আসাদপুর গ্রামে মাজার দর্শনে আসতেন। মাজারগুলোর প্রতিষ্ঠার দীর্ঘ সময়েও কেউ কখনো মাজারের কর্মকাণ্ড নিয়ে বিরোধিতা করেনি। বরং ত্বরিকতের কাজে এলাকার মানুষ সবসময় ছিলেন আন্তরিক। কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎ মাজারগুলোতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় বিস্মিত হয়ে পড়েন স্থানীয়রা। তাদের দৃষ্টিতে বৃহস্পতিবার সকালে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে লোকজন মুহূর্তের মধ্যে জড়ো করে এত বড় ঘটনা সংঘটিত করার নেপথ্যে মাজারবিরোধী কোনো গোষ্ঠীর ইন্ধন রয়েছে, যারা হোমনার এই গ্রামের স্থানীয় নয়। এই হামলা পরিকল্পিত এবং বুধবার রাতেই ছক করা হয়েছে। স্থানীয়রা বলেন, হামলায় অংশ নেওয়াদের বেশির ভাগই বাইরের লোক। হামলার শিকার মাজার সংশ্লিষ্ট লোকজন নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত।

হামলার শিকার কফিল উদ্দিন শাহের মাজার, আবদু শাহের মাজার, কালাই শাহের মাজার এবং হাওয়ালি শাহের মাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফেসবুকে মহসিনের ধর্মীয় অবমাননার পোস্টকে কেন্দ্র করে বুধবার মহসিনের বিরুদ্ধে থানায় মামলা হয়, পরে তাকে গ্রেফতারও করা হয়। পরদিন সকালে উসকানি দিয়ে মাজারে হামলা করা হয়। হামলাকারী শুধু ভাঙচুরই করেনি, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাটও করেছে এবং বাড়িঘরে আগুন, লুটপাট করেছে।

কফিল উদ্দিন শাহের নাতি আটক মহসিনের মা মিনুয়ারা বেগম বলেন, তার ছেলে অপরাধ করেছে তাই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এরপরও আমাদের মাজার ও বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এক কাপড়ে ঘর থেকে বের হয়েছি। টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ কিছুই আনতে পারিনি, সব লুট করে নিয়ে গেছে। কোনো রকমে জীবন বাঁচিয়েছি।

আসাদপুর ইউপি মেম্বার মো. ডালিম মিয়া বলেন, শত শত লোক হঠাৎ জড়ো হয়ে চারটি মাজারে ভাঙচুর চালিয়েছে, আগুন দিয়েছে। হামলাকারীদের বেশির ভাগই তরুণ বয়সের। তাদের হাতে দা, বঁটি, লোহার পাইপ ছিল।

কফিল উদ্দিন শাহের মাজারের সহকারী খাদেম শাহজাহান বলেন, এই মাজারটি ৩০/৪০ বছরের পুরানো। দুর্বৃত্তরা মাজার, বসতঘরসহ সবকিছু পুড়িয়ে দিয়েছে। দানবাক্সে থাকা টাকাসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।

আসাদপুর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, হামলাকারীদের মধ্যে এলাকার বাইরের অনেক লোকও ছিল। আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। মাজারে কোনো অনৈতিক ও শরীয়াহবিরোধী কাজ হতো না। এখানে মানুষ আসতো, জিকির-যিয়ারত করতো। বৃহস্পতিবারের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়।

আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার মহাসচিব আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, ত্বরিকতবিরোধীরা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তোলার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের মাজার, খানকাগুলোকে টার্গেটে পরিণত করছে। এদেরকে চিহ্নিত করে দেশবাসীর সামনে তাদের আসল পরিচয় তুলে ধরার জন্য আমরা আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে হোমনার ঘটনায় কারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন। মাজার অলি-আল্লাহর জায়গা। আমরা ত্বরিকতপন্থি। মাজার, খানকা শরীফে হামলা করে ত্বরিকতের প্রচার বন্ধ করা যায় না। দেশে মুসলিমবিদ্বেষী অপশক্তির আধিপত্য দৃশ্যমান। সর্বত্র ইসলামবিরোধী চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলাবাহিনী নির্বাক ও উদাসীন। আমরা দেশের সকল মাজার, দরবার শরীফ, খানকা শরীফে নিরাপত্তা নিশ্চিতের দাবি করছি।

রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ নাদিমুর রশীদ অস্ট্রেলিয়া থেকে এক বার্তায় কুমিল্লা হোমনা উপজেলার আসাদপুর গ্রামে চারটি মাজার ও কয়েকটি বসতঘরে ত্বরিকতবিরোধীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। মব সৃষ্টি করে খুনখারাবি, মাজার শরীফ ও বাড়িঘরে হামলার ঘটনা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে। বিশেষ করে কুমিল্লার হোমনার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকের হামলার শিকার মাজার সংশ্লিষ্ট পরিবারগুলো আতঙ্কগ্রস্ত, তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এদিকে কুমিল্লার বিশিষ্টজনরা বলছেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। জেলার প্রতিটি উপজেলায় প্রতিদিনই অপরাধের ঘটনা ঘটছে, এর মধ্যে খুনখারাবিতো রয়েছেই। মুরাদনগরে মা-মেয়ে-ছেলে হত্যার ঘটনার পর মব সহিংসতা এই জেলাতেও এক ভয়ানক ব্যাধির নজির হয়ে দাঁড়িয়েছে। হোমনার ঘটনাটিও মবের অংশ। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি সামাল দিতে পারছে না কুমিল্লার পুলিশ।

প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে ‘বেমজা মহসিন’ নামের একটি আইডি থেকে আসাদপুর গ্রামের আলেক শাহের ছেলে মহসিন মহানবি হযরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করে একটি পোস্ট দেয়। এতে এলাকাবাসীর ক্ষোভের মুখে পুলিশ মহসিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম মহসিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে হোমনা থানায় মামলা করেন।

পরের দিন বৃহস্পতিবার সকালে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে লোকজনকে উত্তেজিত করে মাজার ও বাড়িতে হামলা চালানো হয়। তারা প্রথমে মহসিনের বসতবাড়িতে হামলা চালায়। পরে সেখানে থাকা কফিল উদ্দিন শাহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর হামলাকারীরা মিছিল নিয়ে আসাদপুর গোমের আবদু শাহর মাজার, কালাই শাহের মাজার এবং হাওয়ালি শাহর মাজারে ভাঙচুর করে।