Home আঞ্চলিক আবু হোসেন বাবুর বাড়িতে হামলা: আমরা কেউই নিরাপদ নই, মহানগর বিএনপির ক্ষোভ

আবু হোসেন বাবুর বাড়িতে হামলা: আমরা কেউই নিরাপদ নই, মহানগর বিএনপির ক্ষোভ

34


খবর বিজ্ঞপ্তি
খুলনায় জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা রূপসার আইচগাতীতে অবস্থিত বাবুর বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা হামলার বিস্তারিত খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
এসময় মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা সাংবাদিকদের বলেন, আমরা আতঙ্কিত। চব্বিশের ৫ই আগস্টের পর থেকে খুলনা ৫০/৬০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু কোন হত্যাকান্ডে জড়িতরা গ্রেপ্তার হয়নি। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা দরকার। যদি তা না হয়, তাহলে রাজনীতিতে জড়িত কোনো মানুষই আতঙ্কের বাইরে থাকবে না। বাড়ি থেকে বের হলে বাড়ি ফিরে আসবে কিনা, তা নিয়ে সবার পরিবার চিন্তিত থাকে। তিনি আরো বলেন, আবু হোসেন বাবু একদিনে গড়ে ওঠেননি। দিনের পর দিনের আন্দোলন-সংগ্রামের ফসল হোসেন বাবু। আজকে একজন অসুস্থ মানুষের ওপর হামলা হচ্ছে। কেন এমনটা হচ্ছে? আমরা চাই, অবিলম্বে এটি তদন্ত করা হোক এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
গণমাধ্যমের সাথে আলাপকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, আবু হোসেন বাবু খুলনা জেলার একজন নিবেদিতপ্রাণ বিএনপি সদস্য। গত ১০ মাস ধরে তিনি অসুস্থ, স্ট্রোকের কারণে থাইল্যান্ডে দীর্ঘ চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নন। এমন একজন মজলুম মানুষের বাড়িতে এই ধরনের নৃশংশ ঘটনা আমাদেরকে চরমভাবে পীড়া দিয়েছে এবং আমরা তাতে মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি আরও বলেন, আমরা আবু হোসেন বাবুর পরিবার এবং তার সাথে কথা বলে এসেছি। তাদের অশ্রুসিক্ত নয়ন দেখে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। একজন অসুস্থ মানুষ নিজের বাড়িতে নিরাপদে থাকার কথা কিন্তু কি ঘটছে খুলনায়?
তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন “অপরাধীরা গ্রেফতার হলেও দ্রুত ছাড়া পেয়ে যায়। ফলে সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, আজ বাবুর বাড়িতে এই ঘটনা ঘটেছে, কাল অন্য কারো বাড়িতেও ঘটতে পারে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তি ছাড়া দেশে কেউ নিরাপদ নয়। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেগম রেহেনা ঈসা, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, আসাদুজ্জামান আসাদ, ইমাম হোসেন, আতিয়ার পারভেজ, জাকির ইকবাল বাপ্পি, রকিবুল ইসলাম মতি প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা বিএনপি নেতা আবু হোসেন বাবুর বাড়িতে দুটি ককটেল নিক্ষেপ ও তিন রাউন্ড গুলি চালায়।