Home খেলাধুলা নবির ঝড়ে আফগানিস্তানের সংগ্রহ ১৬৯

নবির ঝড়ে আফগানিস্তানের সংগ্রহ ১৬৯

6


স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপের শেষ চারে খেলতে হলে আজ জিততেই হবে আফগানিস্তানকে। তা না হলে, বাড়ির টিকিট কাটতে হবে তাদের। সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারার পেসে এলোমেলো হয়ে যায় আফগানিস্তানের ব্যাটিং অর্ডার।

তবে শেষ ২ ওভারে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবির ঝড়ে বড় সংগ্রহ করেছে আফগানিস্তান। আবুধাবিতে বৃহস্পতিবার এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে রশিদ খানের টিম।

১৮ ওভার শেষে আফগানদের সংগ্রহ ছিল ১২০ রান। কিন্তু ক্রিজে ছিলেন বুড়ো মুহাম্মদ নবি। শেষ ২ ওভারে তার ঝড়ো ব্যাটিংয়ে ৪৯ রান তোলে আফগানরা।

শেষ ওভারে ওঠা ৩২ রানের ৩১-ই এসেছে মোহাম্মদ নবির ব্যাট থেকে। শ্রীলঙ্কান স্পিনার দুনিত ভেল্লালাগেকে ওই ওভারে ৫টি ছক্কা মেরেছেন তিনি। প্রথম তিন বলে ছক্কা খাওয়ার পর খেই হারানো ভেল্লালাগে চতুর্থ বলে ওয়াইড দেন। কিন্তু তার পা-ও লাইন অতিক্রম করায় নো বল হয়ে যায় সেটি। ফ্রি হিটেও ছক্কা মারার পর পঞ্চম বলেও ছক্কা পেয়ে যান নবি।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের।

দলীয় ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ১৪, করিম জানাত ১ ও সেদিকুল্লাহ আতাল ১৮ রান করে সাজঘরে ফিরে যান।

দরবেশ রসুল ও ইব্রাহিম জাদরান মিলে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দ্রতই আরও তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানরা।

এরপর ক্রিজে আসা রশিদ খানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন মোহাম্মদ নবি। ৩৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

এরই মাঝে দলীয় ১১৪ রানে সাজঘরে ফিরে যান রশিদ খান। ২ চার ও এক ছক্কায় ২৩ বলে ২৪ রান করেন আফগান অধিনায়ক।

রশিদের বিদায়ের পর ক্রিজে আসা নুর আহমেদকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালান নবি।

এদিকে, আফগানিস্তানের এই বড় সংগ্রহে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। আফগানরা ম্যাচে জয় পেলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ।